তুলা উৎপাদনকারী দেশগুলোর বৈশ্বিক শীর্ষ তালিকায় পাকিস্তান পঞ্চম অবস্থানে রয়েছে। প্রতিকূল আবহাওয়ার জের ধরে চলতি মৌসুমে দেশটিতে তুলা উৎপাদনের লক্ষ্য পূরণ নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে। খবর ডন।
২০১৯-২০ মৌসুমের শুরুতে পাকিস্তানের কটন ক্রপ অ্যাসেসমেন্ট কমিটি (সিসিএসি) দেশটিতে ১ কোটি ২০ লাখ বেল (প্রতি বেলে ১৭০ কেজি) তুলা উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছিল। কমিটির সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়েছে, মৌসুম শেষে পাকিস্তানে পণ্যটির সম্মিলিত উৎপাদন দাঁড়াতে পারে ৯৪ লাখ ৫১ হাজার বেলে। সেই হিসাবে, এবারের মৌসুমে পাকিস্তানে লক্ষ্যের তুলনায় প্রায় ২৫ লাখ বেল কম তুলা উৎপাদনের সম্ভাবনা রয়েছে।
তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি থাকায় এবারের মৌসুমে পাকিস্তানে তুলা উৎপাদন কমতে পারে বলে জানিয়েছে সিসিএসি। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, এবারের মৌসুমে পাঞ্জাবে ৬৬ লাখ ৭১ হাজার বেল, সিন্ধু প্রদেশে ২৬ লাখ ৮০ হাজার বেল ও বেলুচিস্তানে ৯৮ হাজার বেল তুলা উৎপাদন হতে পারে।








