কারখানায় অটোমেশন বা স্বয়ংক্রিয় ব্যবস্থা ও রোবটের ব্যবহার বাড়াবে টয়োটা মোটর। সে লক্ষ্যে ২০২৮ সাল থেকে প্রতি বছর প্রায় ১ ট্রিলিয়ন ইয়েন বা ৬৪০ কোটি ডলার খরচ করবে প্রতিষ্ঠানটি। বিশ্বের বৃহত্তম গাড়ি নির্মাতা কোম্পানিটি কারখানার আধুনিকায়নে এ উদ্যোগ নিতে যাচ্ছে। খবর রয়টার্স।

টয়োটার পাশাপাশি এ সম্ভাব্য বিনিয়োগের আওতায় থাকবে এর সহযোগী কোম্পানি ও প্রধান সরবরাহকারীরা। চলতি মাসের শুরুতে বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনার সময় টয়োটা জানিয়েছে, এসব প্রতিষ্ঠানে কারখানার স্বয়ংক্রিয় ব্যবস্থা চালু করতে প্রায় চার লাখ রোবটের প্রয়োজন হতে পারে।

এ সংখ্যার মধ্যে নতুন রোবটের পাশাপাশি পুরনো রোবট বদলে নতুন রোবট বসানোর বিষয়টিও রয়েছে। এর মধ্যে মানুষের মতো দেখতে বা হিউম্যানয়েডসহ অন্যান্য ধরনের রোবটও থাকবে।

এ পুরো বিনিয়োগ বাস্তবায়ন করা হবে কিনা সে বিষয়ে টয়োটা এখনো কিছু নিশ্চিত করে বলেনি। কত বছর ধরে এ অর্থ খরচ করা হবে, সেটিও জানানো হয়নি।

কারখানার স্বয়ংক্রিয় ব্যবস্থার মধ্যে শিল্প-কারখানায় ব্যবহৃত রোবট, স্বয়ংক্রিয় পণ্য পরিবহন ব্যবস্থা এবং ভবিষ্যতে কর্মীদের সঙ্গে রোবটের যৌথভাবে কাজ করার প্রযুক্তিও অন্তর্ভুক্ত থাকবে।

বিশ্বের বিভিন্ন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান এখন খরচ কমাতে রোবটের ব্যবহার বাড়াচ্ছে। একই সঙ্গে পুরনো কারখানা ও শ্রমিক সংকট মোকাবেলায়ও স্বয়ংক্রিয় প্রযুক্তির ওপর নির্ভরতা বাড়ছে।

বিনিয়োগ বিশ্লেষক প্রতিষ্ঠান বার্নস্টেইনের বিশ্লেষকরা বলেছেন, টয়োটার রোবট প্রযুক্তিতে বাড়তি নজর বিনিয়োগকারীদের কাছে গাড়ি ব্যবসার বাইরেও কোম্পানিটির সম্ভাব্য প্রবৃদ্ধির সুযোগ তুলে ধরতে পারে।

অন্য গাড়ি নির্মাতারা কোম্পানিগুলোও মানবসদৃশ রোবট ব্যবহারের পরিকল্পনা করছে। হুন্দাই জানিয়েছে, ২০২৮ সালে যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের একটি কারখানায় এমন রোবটের ব্যবহার শুরু করা হবে।