সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বাজারে আসছে টেসলার ব্যাটারি চালিত সেমি-ট্রাক। আগামী ১ ডিসেম্বর বিশেষ এই গাড়ি প্রথম ক্রেতা হিসেবে যাচ্ছে কোমল পানীয় সংস্থা পেপসিকোর গ্যারেজে। টেসলা বস ইলোন মাস্ক গতকাল বৃহস্পতিবার এক টুইটে এ তথ্য জানান। খবর রয়টার্স।
মাস্ক ২০১৭ সালে অভিনব প্রযুক্তির গাড়িটির প্রোটোটাইপ উন্মোচন করেছিলেন। ২০১৯ সালের মধ্যে বাজারে আনার পরিকল্পনা জানালেও পরে বিভিন্ন কারণে তারিখ পিছিয়ে দেয়া হয়।
পেপসিকো ২০১৭ সালেই টেসলার কাছে ১০০টি গাড়ির অর্ডার দেয়। প্রতিষ্ঠানটি জ্বালানি খরচ ও কার্বন নিঃসরণ কমানোর জন্য এ উদ্যোগ নিয়েছিল। গতবছর সিএনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে পেপসিকোর উচ্চপর্যায়ের কর্মকর্তা র্যামন লাগুর্তা বলেন, কোম্পানির ১০ শতাংশ গ্যাস নিঃসরণের জন্য পরিবহন ব্যবস্থা দায়ী।
মাউন্টেন ডিউ ও ডরিটস চিপস নির্মাতা বলেন, কারখানা থেকে খাদ্য ও পানীয় খুচরা বিক্রেতাদের কাছে পৌঁছানোর জন্য টেসলার সেমি ট্রাক ব্যবহার করা হবে।
মাস্কের এক টুইটে জানা গিয়েছে, এ সেমি ট্রাক ঘণ্টায় ৫০০ মাইল গতিতে ছুটতে সক্ষম। প্রাথমিকভাবে মূল্য ধরা হয়েছে ১ লাখ ৮০ হাজার ডলার। তবে কতগুলো গাড়ি তৈরি করা হবে তা নিশ্চিত করেননি তিনি।
টেসলার পরিবেশবান্ধব গাড়িটি কিনতে পেপসিকোর পাশাপাশি স্ন্যাকস ও পানীয় উৎপাদানকারী বিভিন্ন প্রতিষ্ঠান ব্যাপক আগ্রহ দেখাচ্ছে।










