চলতি মাসে দক্ষিণ কোরিয়ার রফতানি কমে যাওয়ার পূর্বাভাস দেয়া হয়েছে। এমনটা হলে দুই বছরের মধ্যে প্রথমবারের মতো দেশটির রফতানি সংকুচিত হবে। সম্প্রতি প্রকাশিত রয়টার্সের একটি সমীক্ষায় অর্থনীতিবিদরা এ শঙ্কা জানিয়েছেন। ১১ জন অর্থনীতিবিদের মধ্যম পূর্বাভাস অনুসারে, অক্টোবরে দক্ষিণ কোরিয়ার রফতানি গত বছরের একই সময়ের তুলনায় ৩ শতাংশ কমে যাবে। এতে ২০২০ সালের নভেম্বরে শুরু হওয়া টানা ২৩ মাসের রফতানি প্রবৃদ্ধির ইতি ঘটবে।

তবে চলতি বছরের মাঝামাঝি থেকেই রফতানি প্রবৃদ্ধির হার ধীর হয়েছে। গত চার মাসে বৃদ্ধির হার একক অঙ্কে নেমে এসেছে।

ডিবি ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্টের অর্থনীতিবিদ পার্ক সুং-উ বলেন, বিশ্বজুড়ে পণ্যের চাহিদা দুর্বল হওয়া ও চীনে চালানের মন্দার কারণে অক্টোবরে রফতানি সংকুচিত হওয়ার আশঙ্কা রয়েছে।

চলতি মাসের প্রথম ২০ দিনে রফতানি ৫ দশমিক ৫ শতাংশ সংকুচিত হয়েছে। মূলত চীনে রফতানি কমে যাওয়ায় এমনটা হয়েছে। কারণ চীন দক্ষিণ কোরিয়ার বৃহত্তম ব্যবসায়িক অংশীদার। তবে রফতানি সংকুচিত হলেও আমদানি ৭ দশমিক ২ শতাংশ বাড়বে বলে আশা করা হচ্ছে। এমনটা হলে টানা ২৩তম মাসে দেশটির আমদানি ঊর্ধ্বমুখী থাকবে। যদিও বৃদ্ধির হার সেপ্টেম্বরের ১৮ দশমিক ৬ শতাংশের তুলনায় উল্লেখযোগ্যভাবে ধীর হবে।

সব মিলিয়ে টানা সপ্তম মাসে রফতানি ও আমদানি বাণিজ্যের ব্যবধান বিস্তৃত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। এটি ১৪ বছরের মধ্যে প্রথম বার্ষিক বাণিজ্য ঘাটতি এবং রেকর্ড ঘাটতির দিকে নিয়ে যাবে।