বাংলাদেশের পর্যটন খাতের উন্নয়নে মালদ্বীপের অভিজ্ঞতা কাজে লাগাতে দেশটির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করা যেতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। গতকাল সকালে গুলশানে নিজস্ব কার্যালয়ে মালদ্বীপের প্রেসিডেন্টের বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ক প্রধান উপদেষ্টা মোহামেদ আলী জানাহর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টার দপ্তর। 

সালমান এফ রহমান বলেন, ‘উভয় দেশের বাণিজ্য বিনিয়োগ সম্পর্ক আরো জোরদার ও বহুমুখী করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়া মালদ্বীপের পর্যটন খাতের অভিজ্ঞতা কাজে লাগাতে পারলে বাংলাদেশের পর্যটন খাত সমৃদ্ধ হতে পারে। মালদ্বীপের রিসোর্ট ও হোটেলসংশ্লিষ্ট সাপ্লাই চেইনে যুক্ত হওয়ারও সুযোগ রয়েছে। এছাড়া দেশটিতে বাংলাদেশীদের কর্মসংস্থান বৃদ্ধিরও সুযোগ রয়েছে।’

সৌজন্য সাক্ষাৎকালে উভয়েই দ্বিপক্ষীয় বাণিজ্যে বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনা পুরোপুরি কাজে লাগানোর প্রয়োজনীয়তার ওপর জোর দেন।