বিসিক চট্টগ্রাম কার্যালয়ে বৃহস্পতিবার আয়োজিত এক সেমিনারে খাতসংশ্লিষ্টদের বক্তব্যে এ বিষয়টি উঠে আসে। ‘ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধিতে বিপণনের কৌশলগত ভূমিকা’ শীর্ষক এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিক চট্টগ্রামের আঞ্চলিক পরিচালক খালেদ মাহমুদ।

বিসিক চট্টগ্রামের মহাব্যবস্থাপক সভাপতি এসএম আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিপণন কৌশল নিয়ে মূল বক্তব্য উত্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জাভেদ হোসেন।

এ সময় বক্তারা জানান, আধুনিক বাজার ব্যবস্থায় পণ্যের বিপণন কৌশল গুরুত্বপূর্ণ। অথচ বিসিকের উদ্যোক্তারা মানসম্মত পণ্য উৎপাদন সত্ত্বেও শুধু বিপণন কৌশলের কারণে পিছিয়ে রয়েছেন।

তাদের মতে, বাজার ব্যবস্থা ও উৎপাদন খরচের সঙ্গে লাভ ছাড়াও প্রতিযোগিতামূলক বাজারে বিকল্প পণ্যকে বিবেচনায় নিয়ে বিপণন করতে হবে। আগে দেশের অনেক বিখ্যাত পণ্য সময়োপযোগী বিপণন কৌশলের অভাবে ব্যর্থ হয়ে হারিয়ে গেছে। সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পণ্য বিপণন করে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তারাও বড় বড় ব্র্যান্ডের সঙ্গে পাল্লা দিয়ে ব্যবসা করে যাচ্ছে বলে সেমিনারে জানান বক্তারা।

বিসিকের নিবন্ধিত বিভিন্ন শ্রেণীর নতুন ও পুরনো উদ্যোক্তা এবং বিসিক শিল্পনগরীর বৃহৎ শিল্প উদ্যোক্তাসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা সেমিনারে বিপণন কৌশল নিয়ে আলোচনায় অংশ নেন। বিসিকের পক্ষ থেকে উদ্যোক্তাদের পণ্য বিপণনে সহযোগিতার উদ্যোগ নেয়া হয়েছে বলেও জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।