জানুয়ারি-মার্চ পর্যন্ত ভিয়েতনামের কফি রফতানি ২ দশমিক ৩ শতাংশ কমে গিয়েছিল। এপ্রিল থেকে তা বাড়তে শুরু করেছে। ওই মাসে পণ্যটি রফতানি থেকে আয় এসেছে ৪৭ কোটি ৪০ লাখ ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ৩০ দশমিক ৭ শতাংশ বেশি। অন্যদিকে বছরের প্রথম চার মাসে রফতানি ১৭০ কোটি ডলারে উন্নীত হয়েছে, যা এর আগের বছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ৫ শতাংশ বেশি। দেশটির পরিসংখ্যান বিভাগ এ তথ্য জানিয়েছে। 

বিশ্লেষকরা জানান, বৈশ্বিক সংকটের প্রভাবে পণ্যটির বাজারদর ঊর্ধ্বমুখী হয়ে উঠলে মুনাফার সুবিধা নিতে ব্যবসায়ীরা রফতানি বাড়াতে শুরু করেন। এ কারণেই তিন মাস পর রফতানিতে প্রবৃদ্ধি আসতে শুরু করেছে। 

পরিসংখ্যান বিভাগ জানায়, পরিমাণের দিক থেকে বছরের প্রথম চার মাসে রফতানি বেড়েছে ১ দশমিক ৮ শতাংশ। গত বছরের একই সময় রফতানির পরিমাণ ছিল ৭ লাখ ৩০ হাজার টন। 

মার্কেন্টাইল এক্সচেঞ্জ অব ভিয়েতনাম জানায়, লন্ডন আইসিই ফিউচারস এক্সচেঞ্জে গত ২৪ এপ্রিল পর্যন্ত প্রতি টন রোবাস্তা কফির প্রস্তাবিত দাম ছিল ২ হাজার ৫৬৪ ডলার, যা বছরের শুরুর তুলনায় প্রায় ৪০ শতাংশ বেশি।