পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) বাংলাদেশ ফাইন্যান্স (বিডি ফাইন্যান্স) লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আগামীকাল বিকাল ৫টায় অনুষ্ঠিত হবে। সভা থেকে কোম্পানিটির সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি লভ্যাংশের ঘোষণা আসতে পারে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, সমাপ্ত ২০২২ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) বিডি ফাইন্যান্সের সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৮৪ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৯৫ পয়সা। আর সর্বশেষ তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে শূন্য ৬ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৮৫ পয়সা। গত বছরের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭ টাকায়।
৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের মোট ১২ শতাংশ লভ্যাংশ দিয়েছে বিডি ফাইন্যান্স। এর মধ্যে ৬ শতাংশ নগদ ও বাকি ৬ শতাংশ স্টক লভ্যাংশ রয়েছে। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ১ টাকা ৪৪ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৮০ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২১ শেষে কোম্পানিটির সমন্বিত এনএভিপিএস দাঁড়ায় ১৭ টাকা ৭৩ পয়সায়।
২০০৭ সালে শেয়ারবাজারে আসা আর্থিক প্রতিষ্ঠানটির অনুমোদিত মূলধন ৬০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ১৮৮ কোটি ২৩ লাখ ৬০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ১২৬ কোটি ৫৪ লাখ টাকা।










