মধ্যপ্রাচ্যের দেশ ইরাক অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন ও রফতানির জন্য পরিচিত। আন্তর্জাতিক বাজারে দরপতনের জের ধরে অর্গানাইজেশন অব দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজের (ওপেক) আওতায় জ্বালানি পণ্যটির উত্তোলন হ্রাসের চুক্তির শর্ত মেনে চলছে ইরাক। তার পরও চলতি মাসে আরো বেশি পরিমাণে অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন কমাতে চায় দেশটি। খবর রয়টার্স।

ইরাকের জ্বালানি মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ওপেকের চুক্তির শর্ত মানার পরও চলতি বছরের আগস্টে অপরিশোধিত জ্বালানি তেলের দৈনিক গড় উত্তোলন প্রায় চার লাখ ব্যারেল কমিয়ে আনার লক্ষ্যে কাজ করছে ইরাক সরকার। মূলত উত্তোলন খাতের চরম চাঙ্গাবস্থা সংকটে ফেলেছে ইরাকের জ্বালানি তেল খাতকে। করোনাকালে এ পরিস্থিতি দেশটির সামগ্রিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলছে। পরিস্থিতি থেকে উত্তরণে বর্তমানে জ্বালানি তেলের উত্তোলনে লাগাম টানতে চাইছে দেশটি।

করোনা মহামারী শুরুর পর চাহিদা কমে যাওয়ার জের ধরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের রেকর্ড দরপতন দেখা দেয়। ওই সময় বাজার নিয়ন্ত্রণে উত্তোলনে লাগাম টানার জন্য চুক্তি করে ওপেক প্লাস দেশগুলো। জোটের প্রভাবশালী সদস্য হিসেবে ইরাক এ চুক্তির শর্ত মেনে চলছে। চুক্তি অনুযায়ী, অপরিশোধিত জ্বালানি তেলের দৈনিক গড় উত্তোলন ১০ লাখ ৬০ হাজার ব্যারেল কমিয়ে এনেছে ইরাক। এর পরও অর্থনীতির গতি ফেরেনি। এখন জ্বালানি পণ্যটির দৈনিক উত্তোলন আরো ৪ লাখ ব্যারেল কমিয়ে আনতে চাইছে দেশটি।