আন্তর্জাতিক বাজারে বাড়তির দিকে রয়েছে চিনির দাম। ২০১৯ সালের ডিসেম্বরে খাদ্যপণ্যটির গড় দাম আগের মাসের তুলনায় ৭ শতাংশের বেশি বেড়েছে। মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর বিজনেস রেকর্ডার ও এগ্রিমানি।

ইউএসডিএর তথ্য অনুযায়ী, ২০১৯ সালের জুলাইয়ে আন্তর্জাতিক বাজারে প্রতি কেজি চিনির গড় দাম ছিল ২৮ সেন্ট। পরের মাসে খাদ্যপণ্যটির গড় দাম ৩ দশমিক ৫৭ শতাংশ কমে কেজিপ্রতি ২৭ সেন্টে নেমে আসে। সেপ্টেম্বরে খাদ্যপণ্যটির গড় দাম আরো কমে দাঁড়ায় কেজিপ্রতি ২৬ সেন্টে, যা আগের মাসের তুলনায় ৩ দশমিক ৭ শতাংশ কম।

এরপর থেকে আন্তর্জাতিক বাজারে চিনির দামে আর নিম্নমুখী প্রবণতা দেখা যায়নি। অক্টোবরে খাদ্যপণ্যটির গড় দাম দাঁড়ায় কেজিপ্রতি ২৮ সেন্টে, যা আগের মাসের তুলনায় ৭ দশমিক ৬৯ শতাংশ বেশি। পরের মাসে চিনির গড় দাম অপরিবর্তিত থাকে। ডিসেম্বরে আন্তর্জাতিক বাজারে প্রতি কেজি চিনির গড় দাম ৭ দশমিক ১৪ শতাংশ বেড়ে ৩০ সেন্টে উন্নীত হয়েছে। ছয় মাসের মধ্যে চিনির এটাই সর্বোচ্চ গড় দামের রেকর্ড।

মূলত ভারতে উৎপাদন আগের তুলনায় কমে আসা, থাইল্যান্ডের উৎপাদন খাতে মন্দা ভাব বজায় থাকা, ব্রাজিলে জৈব জ্বালানি উৎপাদনে আখের ব্যবহার আগের তুলনায় বেড়ে যাওয়া—এসব নানা কারণে আন্তর্জাতিক বাজারে চিনির দাম বাড়তির দিকে রয়েছে বলে জানিয়েছে ইউএসডিএ।