আইডিএলসি ফাইন্যান্সের নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন কাজী মাহমুদ সাত্তার। সম্প্রতি নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের ৩৬০তম সভায় এ সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। এর আগে তিনি আইডিএলসি ফাইন্যান্সের মনোনীত পরিচালক ছিলেন। আইডিএলসি ফাইন্যান্স এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আর্থিক খাতের বিভিন্ন প্রতিষ্ঠানে চার দশকের বেশি সময় ধরে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন কাজী মাহমুদ সাত্তার। ১৯৮১ সালে এএনজেড গ্রিন্ডলেজ ব্যাংকে কর্মজীবন শুরু করেন। পরবর্তী সময়ে তিনি এ প্রতিষ্ঠানের হয়ে মুম্বাই ও মেলবোর্নে দায়িত্ব পালন করেন।

বাংলাদেশে এএনজেড গ্রিন্ডলেজ ব্যাংকের করপোরেট ও ইনভেস্টমেন্ট ব্যাংকিং ডিভিশনের নেতৃত্ব দেন কাজী মাহমুদ সাত্তার। তিনি দেশের প্রথম ইনভেস্টমেন্ট ব্যাংকিং আর্মের প্রতিষ্ঠাতা হিসেবে স্বীকৃত।

কাজী মাহমুদ সাত্তার ইস্টার্ন ব্যাংক পিএলসি ও সিটি ব্যাংক পিএলসির এমডি ও সিইও হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি ব্র্যাক ব্যাংকের স্বাধীন পরিচালক ও বোর্ড নির্বাহী কমিটির চেয়ারম্যান এবং বিকাশ লিমিটেডের পরিচালক পদে সাফল্যের স্বাক্ষর রেখেছেন।

কাজী মাহমুদ সাত্তার বর্তমানে আরএসএ অ্যাডভাইজরি লিমিটেড, আরএসএ সলিউশন লিমিটেড এবং ব্লু-ওয়েলথ অ্যাসেটস লিমিটেডের চেয়ারম্যান ও পরিচালক হিসেবে নিযুক্ত রয়েছেন। এছাড়া তিনি আরএসএ এভিয়েশন লিমিটেড এবং ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেডের মনোনীত পরিচালক।