চীনের বানানো বিশ্বের প্রথম সি৯১৯ উড়োজাহাজ চায়না ইস্টার্ন এয়ারলাইনসকে সরবরাহ করা হয়েছে। শুক্রবার সাংহাইয়ে সরু বডি জেটের এ ঐতিহাসিক মুহূর্ত স্মরণীয় করে রাখতে ১৫ মিনিটের ফ্লাইটও পরিচালনা করা হয়। খবর রয়টার্স।

উড়োজাহাজটি আগামী বসন্তে প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে উড্ডয়ন করবে বলে জানিয়েছে রাষ্ট্রীয় নিউজ এজেন্সি সিনহুয়া। চায়না ইস্টার্নকে সরবরাহ করা উড়োজাহাজটিতে ১৬৪টি সিট রয়েছে এবং তার ওপরে চাইনিজ ও ইংরেজিতে  লেখা হয়েছে ‘বিশ্বের প্রথম সি৯১৯’। প্রথমবারের মতো উড়োজাহাজটি সাংহাই ও রাজধানী বেইজিংয়ের মধ্যে চলাচল করবে বলে জানিয়েছেন খাতসংশ্লিষ্টরা।

চায়না ইস্টার্ন শুক্রবার জানিয়েছে, প্রথম ব্যাচের সি৯১৯ অর্ডারের বাকি চারটি উড়োজাহাজ আগামী দুই বছরে সরবরাহ করা হবে। বাণিজ্য থেকে শুরু করে প্রযুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বন্দ্বের মধ্যে চীনের সরু বডির জেটের উচ্চাকাঙ্ক্ষা তীব্র হয়েছে। এ দ্বন্দ্বের কারণে এয়ারবাস ও বোয়িংয়ের ওপর অত্যধিক নির্ভরতা উদ্বিগ্নতা বাড়িয়ে দিয়েছে।

কমার্শিয়াল এভিয়েশন কর্প অব চায়না (কোম্যাক) ২০৩০ সালের মধ্যে প্রতি বছর ২৫টি সি৯১৯ উৎপাদনের প্রত্যাশা করছে। যদিও সংখ্যাটা প্রতিদ্বন্দ্বীদের তৈরি সরু বডির জেটের সংখ্যার তুলনায় বেশ কম। তাছাড়া সি৯১৯ এখনো প্রবলভাবে বিভিন্ন যন্ত্রাংশের জন্য পশ্চিমের ওপর নির্ভরশীল। সেসবও কাটিয়ে ওঠার চেষ্টা করছে চীন।