চলতি বছরের শেষ দিকে জিটি সুপারকারের উৎপাদন বন্ধ করে দেবে ফোর্ড। মডেলটির দাম ৫ লাখ ডলার। মার্কিন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি জানিয়েছে, ২০২২ ফোর্ড জিটি এলএম সংস্করণটি তৃতীয় প্রজন্মের শেষ মডেল হবে। খবর সিএনবিসি।

এর আগে এক দশক বন্ধ থাকার পর ২০১৬ সালে পুনরায় গাড়িটির উৎপাদন শুরু করা হয়েছিল। জিটি এলএম সংস্করণের আর মাত্র ২০ ইউনিট গাড়ি উৎপাদন করা হবে। চলতি বছরই উৎপাদন শেষ হবে এবং বছর শেষের আগেই সরবরাহ শুরু হওয়ার কথা রয়েছে।

২০১৫ সালে নর্থ আমেরিকান ইন্টারন্যাশনাল অটো শোয়ে বর্তমান প্রজন্মের জিটি সুপারকার উন্মোচন করা হয়েছিল। ফোর্ড প্রতিষ্ঠানের অভ্যন্তরেও গাড়িটি গোপন রেখেছিল। তৃতীয় প্রজন্মের জিটি মাত্র ১ হাজার ৩৫০ ইউনিট উৎপাদন করা হয়েছে। ৬৬০ অশ্বশক্তির এ গাড়ি ভি-৬ ইঞ্জিনচালিত।

ফোর্ডের একজন মুখপাত্র ভবিষ্যতে চতুর্থ প্রজন্মের জিটি মডেলের সম্ভাবনা সম্পর্কে কোনো মন্তব্য করেনি। তিনি সর্বশেষ উৎপাদিত হতে যাওয়া সীমিত সংস্করণের মূল্য নিয়েও মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। তিনি বলেন, জিটির মূল্য প্রায় ৫ লাখ ডলার থেকে শুরু।