এবার কর্মী ছাঁটাই করতে যাচ্ছে মরগান স্ট্যানলি। মার্কিন বিনিয়োগ ব্যাংকিং প্রতিষ্ঠানটি প্রায় ১ হাজার ৬০০ জন বা বৈশ্বিক কর্মী বাহিনীর ২ শতাংশকে ছাঁটাই করবে। এ পদক্ষেপের মাধ্যমে অর্থনীতি ধীর হয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে ব্যয় সংকোচনের উদ্যোগ নেয়া অন্যান্য ব্যাংকের সঙ্গে যুক্ত হলো মরগান স্ট্যানলি।
এর আগে গত সপ্তাহে ওয়েলস ফার্গোর কয়েকশ কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা সামনে আসে। চলতি মাসের শুরুতে খরচ কমানোর অংশ হিসেবে কর্মী ছাঁটাইয়ের উদ্যোগ নেয় এইচএসবিসিও। ব্রিটিশ বহুজাতিক ব্যাংকটি বিশ্বজুড়ে দুই শতাধিক জ্যেষ্ঠ ব্যবস্থাপককে অব্যাহতি দিচ্ছে। আবার ক্রেডিট সুইস বিস্তৃত পুনর্গঠনের অংশ হিসেবে আগামী তিন বছরের মধ্যে নয় হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনার কথা জানিয়েছে। অন্যদিকে বার্কলেস ও সিটিগ্রুপের পাশাপাশি অন্য ব্যাংকগুলো কর্মী ছাঁটাইয়ের কথা ভাবছে।
মরগান স্ট্যানলির প্রধান নির্বাহী জেমস গরম্যান সতর্ক করেছিলেন যে ব্যাংকটি কিছু কর্মীকে ছাঁটাই করতে পারে। পরিকল্পনার সঙ্গে যুক্ত একটি সূত্র রয়টার্সে জানিয়েছে, ব্যাংকিং জায়ান্টটি বৈশ্বিক কর্মী সংখ্যা প্রায় ১ হাজার ৬০০ কমিয়ে আনবে। চলতি বছরের তৃতীয় প্রান্তিক (জুলাই-সেপ্টেম্বর) শেষে ব্যাংকটির মোট কর্মী সংখ্যা ছিল ৮০ হাজারেরও বেশি। যেখানে করোনা মহামারী শুরুর আগে এ সংখ্যা ছিল প্রায় ৬০ হাজার।
অর্থনৈতিক অনিশ্চয়তার উদ্ধৃতি দিয়ে আরেক মার্কিন ব্যাংক গোল্ডম্যান স্যাকস গ্রুপ ও ব্যাংক অব আমেরিকার নির্বাহীরাও নতুন কর্মী নিয়োগ মন্থর করে দিয়েছে। পাশাপাশি বোনাসের পরিমাণও কমিয়ে আনছে ব্যাংকটি। চলতি বছর ওয়াল স্ট্রিট ব্যাংকগুলোর বোনাসের পরিমাণ ২০ শতাংশেরও বেশি কমে যাবে বলে ধারণা করা হচ্ছে। যেখানে গত বছর রেকর্ড পরিমাণ বোনাস দেয়া হয়েছিল।
বিশ্বজুড়ে কেন্দ্রীয় ব্যাংকগুলো ঋণের চাহিদা এবং মূল্যবৃদ্ধির চাপ কমাতে সুদের হার বাড়িয়ে ঋণ গ্রহণকে আরো ব্যয়বহুল করে তুলছে। এ পদক্ষেপের কারণে ক্ষতির মুখে থাকা সবচেয়ে ঝুঁকিপূর্ণ খাতগুলোর একটি ব্যাংকিং।
উচ্চমূল্যস্ফীতি ও ক্রমবর্ধমান সুদের হারের মধ্যে বিশ্ব অর্থনীতিতে মন্দার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। লোকসানের আশঙ্কায় ব্যয় সংকোচনের উদ্যোগ নিচ্ছে অন্যান্য বহুজাতিক প্রতিষ্ঠানও। গত কয়েক মাসে টুইটার, ফেসবুক, গুগল ও অ্যামাজনের পাশাপাশি মিডিয়া খাতের প্রতিষ্ঠানগুলো খরচ কমাতে কর্মী ছাঁটাই করেছে। বিয়ন্ড মিট, ইম্পসিবল ফুডস, পেপসিকো ও কোকা-কোলাসহ বেশকিছু খাদ্য ও পানীয় প্রস্তুতকারক প্রতিষ্ঠান কর্মী বহর কমিয়ে আনার উদ্যোগ নিয়েছে।










