ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুতে আধাবেলা বন্ধের পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে পুনরায় পণ্য আমদানি-রফতানি বাণিজ্যসহ বন্দরের সব কার্যক্রম শুরু হয়েছে। তবে এ সময় হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুদেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার চালু ছিল।

গতকাল বেলা পৌনে ১টায় ভারত থেকে আমদানীকৃত কাঁচামরিচবোঝাই ট্রাক প্রবেশের মধ্য দিয়ে দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রফতানি বাণিজ্য শুরু হয়। এর আগে সকাল থেকে বন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ ছিল।

হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সচিব শাহিনুর ইসলাম বলেন, ‘ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে কলকাতার প্যাম এভিনিউ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার প্রতি শ্রদ্ধা জানিয়ে শনিবার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেন ভারতীয় রফতানিকারকরা। বিষয়টি ভারতের হিলি এক্সপোর্টার্স অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে চিঠি দিয়ে আমাদের জানানো হয়েছিল।’

তিনি আরো বলেন, ‘বেলা পৌনে ১টায় ভারতীয় ব্যবসায়ীরা পণ্য রফতানি চালু করলে বন্দর দিয়ে পুনরায় দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রফতানি বাণিজ্য কার্যক্রম শুরু হয়েছে। সেই সঙ্গে বন্দরের ভেতরে পণ্য লোড-আনলোডসহ সব কার্যক্রম শুরু হয়েছে।’