যুক্তরাষ্ট্রের বাজারে সর্বশেষ সপ্তাহে অপরিশোধিত জ্বালানি তেলের গড় দামে বড় পতন দেখা গেছে। এ সময় মার্চে সরবরাহ চুক্তিতে প্রতি ব্যারেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) গড় দাম আগের সপ্তাহের তুলনায় ৪ দশমিক ৮৫ শতাংশ কমে গেছে। একই সঙ্গে এ সময় মার্চে সরবরাহ চুক্তিতে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডের সাপ্তাহিক গড় দাম কমেছে আগের সপ্তাহের তুলনায় ৪ দশমিক ১৭ শতাংশ। খবর সিনহুয়া ও রয়টার্স।
নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জে সর্বশেষ সপ্তাহে প্রতি ব্যারেল ডব্লিউটিআইয়ের গড় দাম দাঁড়িয়েছে ৫১ ডলার ৫৬ সেন্টে। অন্যদিকে ইন্টারকন্টিনেন্টাল এক্সচেঞ্জে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডের সাপ্তাহিক গড় দাম ব্যারেলপ্রতি ৫৮ দশমিক ১৬ ডলারে নেমেছে।
সাপ্তাহিক দরপতনের পাশাপাশি অপরিশোধিত জ্বালানি তেলের মাসভিত্তিক দামেও বড় পতন দেখা গেছে। জানুয়ারিতে প্রতি ব্যারেল ডব্লিউটিআইয়ের গড় দাম কমেছে ১৫ দশমিক ৫৬ শতাংশ। ব্রেন্ট ক্রুডের গড় দাম ব্যারেলপ্রতি ১১ দশমিক ৮৮ শতাংশ কমেছে। ২০১৯ সালের মে মাসের পর এটাই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের মাসভিত্তিক দামে সর্বোচ্চ পতন।
খাতসংশ্লিষ্টরা বলছেন, চীনের সীমানা ছাড়িয়ে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। মারা গেছে তিন শতাধিক মানুষ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জরুরি অবস্থা জারি করেছে। এর জের ধরে চীনের অর্থনীতি শ্লথ হয়ে আসতে পারে। ফলে কমে আসবে জ্বালানি তেলের চাহিদাও। এ আশঙ্কা আন্তর্জাতিক বাজারে জ্বালানি পণ্যটির দরপতনের পেছনে প্রভাবক হিসেবে কাজ করেছে।








