দেশীয় শিল্পগোষ্ঠী কাজী ফার্মস গ্রুপ ও জাপানের মিৎসুবিশি করপোরেশনের যৌথ উদ্যোগে ইন্দোনেশিয়ার রিটেইল চেইন শপ (খুচরা বিক্রেতা) আলফামার্ট বাংলাদেশে কার্যক্রম শুরু করেছে। এর অংশ হিসেবে রাজধানীর গুলশান এভিনিউর ১১৩ নম্বর সড়কের ডেলভিস্তা টাওয়ারে গতকাল প্রথম আউটলেট উদ্বোধন করা হয়।

‘এভরিডে গ্রেসারি সলিউশন’ শীর্ষক স্লোগান নিয়ে যাত্রা করা রিটেইল চেইন শপটির উদ্বোধন উপলক্ষে গ্রাহকদের জন্য বিশেষ ছাড় এবং অফারের ব্যবস্থা করা হয়েছে। এর মধ্যে রয়েছে নির্ধারিত পণ্যে মূল্যছাড়, বাই ওয়ান গেট ওয়ান অফার ও বিভিন্ন উপহার।

অনুষ্ঠানে ইন্দোনেশিয়ার আলফামার্ট গ্রুপের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা জোকো সুসান্তো, মিৎসুবিশি করপোরেশনের জিএম হিরোশি উয়েগাকি, ডেপুটি সিআরও (এশিয়া ও ওশেনিয়া) তোমোয়াকি নিশিদা, ভাইস প্রেসিডেন্ট (ইন্দোনেশিয়া) শুজিরো নিশিদা এবং কাজী ফার্মসের পরিচালক কাজী জাহিন হাসান, ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহেদুল হাসান এবং আলফামার্ট ট্রেডিং বাংলাদেশের সিইও সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।