২৫ শতাংশ বেতন বাড়ছে ফ্যাশন ব্র্যান্ড জারার কর্মীদের। বেতন বাড়ানোর চুক্তির পর পূর্বপরিকল্পিত ধর্মঘট প্রত্যাহার করেছে শ্রমিক ইউনিয়ন। উত্তর স্পেনভিত্তিক প্রতিষ্ঠানটির নিজ শহর কোরুনায় তারা ধর্মঘটের ডাক দিয়েছিল। খুচরা ফ্যাশন বিক্রেতা জারার কর্মীদের নেতা এ তথ্য জানিয়েছেন। খবর রয়টার্স।
বেতন বাড়ানোর দাবিতে পূর্বপরিকল্পনা অনুযায়ী ২৩ ডিসেম্বর ও গত ৭ জানুয়ারি ধর্মঘট ডেকেছিলেন জারা ও ব্র্যান্ডটির মূল প্রতিষ্ঠান ইন্ডিটেক্সের প্রায় এক হাজার কর্মী। গত ২৪ থেকে ২৫ নভেম্বর ব্ল্যাক ফ্রাইডের কেনাকাটার মৌসুমেও ধর্মঘট পালন করেছিল তারা।
শ্রমিক ইউনিয়ন সিআইজির নেতা ও জারা ফ্যাশনের দোকান কর্মী কারমিনা নেভিরো বলেন, ইন্ডিটেক্স স্পেনের এ কোরুনা শহরে অবস্থিত ৪৪টি দোকানের কর্মীদের প্রতি মাসে ৩২২ ইউরো বা ৩৪১ ডলার বাড়াতে সম্মত হয়েছে। এ শহরেই ফ্যাশন জায়ান্টির সদর দপ্তর অবস্থিত। একই সঙ্গে কর্মীরা বোনাস হিসেবে এককালীন ১ হাজার ইউরো পাবেন, যা আগামী ফেব্রুয়ারির মধ্যে পরিশোধ করা হবে।
তিনি আরো বলেন, আগামী জানুয়ারি থেকে আমাদের বেতন ২৫ শতাংশ বাড়বে। পাশাপাশি চুক্তি অনুযায়ী কর্মীদের ভবিষ্যৎ বেতন বৃদ্ধির প্রক্রিয়া হিসেবে ২০২৩ সালের নভেম্বরে ২০ ইউরো বাড়ানো হবে। এছাড়া ২০২৪ সালের একই সময়ে বেতন বাড়ানো হবে ৪০ ইউরো।
স্পেনের এ কোরুনা শহরে জারা ফ্যাশনের একজন দোকান কর্মীর বর্তমান মাসিক বেতন ১ হাজার ৫৮ থেকে ১ হাজার ৪০০ ইউরো। যদিও এ বিষয়ে সংবাদ সংস্থা রয়টার্সের অনুরোধ সত্ত্বেও তাত্ক্ষণিক কোনো মন্তব্য জানায়নি ইন্ডিটেক্স। এর আগে সিআইজি ২০২৪ সালের মধ্যে মাসিক বেতন ২০০ ইউরো বাড়ানোর দাবি জানিয়েছিল। তবে ইন্ডিটেক্স সেটি প্রত্যাখ্যান করার পর বড় ধরনের বেতন বাড়ানোর দাবিতে আন্দোলন করে আসছিলেন প্রতিষ্ঠানটির কর্মীরা।










