বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) নির্মাতা শাওমি ২০২৬ সালে চারটি নতুন মডেল বাজারে আনবে বলে জানিয়েছে একাধিক সূত্র। এর মাধ্যমে কোম্পানিটি প্রথমবারের মতো এক্সটেন্ডেড-রেঞ্জ ইলেকট্রিক ভেহিকল (ইআরইভি) সেগমেন্টে প্রবেশ করবে। প্রাথমিক পরিকল্পনায় থাকা শাওমি ইভির মডেলগুলো হলো ফেসলিফটেড এসইউ৭ সেডান, এসইউ৭ এক্সিকিউটিভ সংস্করণ এবং পাঁচ ও সাত আসনের আলাদা দুটি এক্সটেন্ডেড-রেঞ্জ এসইউভি।
সূত্রগুলো বলছেন, চলতি বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) এসইউ৭ ফেসলিফট ও সাত আসনের এক্সটেন্ডেড-রেঞ্জ এসইউভি উন্মোচনের সম্ভাবনা রয়েছে। বাকি দুটি মডেল আসবে জুলাই-ডিসেম্বর নাগাদ।
আগেই শাওমি ইভির একটি ইআরইভি মডেল আনার পরিকল্পনার কথা শোনা গিয়েছিল। সামাজিক যোগাযোগমাধ্যমেও গোপনে তোলা কিছু ছবি ছড়িয়ে পড়েছে।
নির্মাতাদের কাছে সাত আসনের এক্সটেন্ডেড-রেঞ্জ এসইউভি ‘কুনলুন’ কোড নামে পরিচিত। মূলত পরিবারকেন্দ্রিক গাড়ি হিসেবে এটি ডিজাইন করা হয়েছে। মডেলটি অনেকটা লি অটোর লি এল৯ ও লিপমোটরে ডি১৯ মডেলের কাছাকাছি। মাঝারি ও বড় আকারের এসইউভিগুলোয় ৭০ কিলোওয়াট-ঘণ্টার বেশি ক্ষমতাসম্পন্ন ব্যাটারি প্যাক থাকবে। এসব গাড়িতে শুধু বিদ্যুৎ ব্যবহার করে এক চার্জে ৪০০-৫০০ কিলোমিটার পর্যন্ত চলার সক্ষমতা থাকবে।
এসইউ৭ এক্সিকিউটিভ এডিশন হবে লং-হুইলবেস সেডান। এতে হুইলবেস উল্লেখযোগ্যভাবে বাড়ানো হবে এবং পেছনের আসনের যাত্রীদের জন্য একাধিক আরামদায়ক সুবিধা যুক্ত হবে।
বৈশ্বিক স্মার্টফোনের বাজারে অন্যতম শীর্ষ কোম্পানি হিসেবে স্থান দখলের পর ২০২৪ সালের ২৮ মার্চ এসইউ৭ ইভি সেডান উন্মোচনের মাধ্যমে ইভি বাজারে প্রবেশ করে শাওমি। প্রথম মডেলেই প্রতিদ্বন্দ্বী হিসেবে সামনে ছিল টেসলার মডেল থ্রি। বর্তমানে চীনের বাজারে এসইউ৭-এর প্রারম্ভিক দাম ২ লাখ ১৫ হাজার ৯০০ ইউয়ান বা প্রায় ২৮ হাজার ৮০০ ডলারের সমপরিমাণ। অন্যদিকে মডেল থ্রির দাম ২ লাখ ৩৫ হাজার ৫০০ ইউয়ান বা ৩১ হাজার ৪০০ ডলারের সমপরিমাণ।
চীনের অগ্রসর বাজারে তুলনামূলক দেরিতে প্রবেশ করেও অল্প সময়ের মধ্যে চমকপ্রদ সাফল্য অর্জন করেছে শাওমি ইভি। গত বছরের জানুয়ারি-নভেম্বর পর্যন্ত ১১ মাসে কোম্পানিটি মোট ৩ লাখ ৬১ হাজার ৬২৫ ইউনিট ইভি সরবরাহ করেছে। এতে প্রায় দুই বছরে কোম্পানিটির সম্মিলিত ডেলিভারি দাঁড়িয়েছে ৫ লাখ ১ হাজার ৯৬ ইউনিট। শাওমি ২০২৫ সালে সাড়ে তিন লাখ ইভি বিক্রির লক্ষ্য ঠিক করেছিল, যা বছর শেষ হওয়ার প্রায় এক মাসে আগেই অর্জিত হয়েছে। খবর সিএনইভি পোস্ট








