বাংলাদেশের সঙ্গে দক্ষিণ এশিয়া, চীন, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাজারগুলোর অর্থনৈতিক সংযোগ আরো জোরদারে তিনদিনের সফরে ঢাকায় এসেছেন হাবিব ব্যাংক লিমিটেডের (এইচবিএল) চেয়ারম্যান সুলতান আলী আল্লানা এবং প্রেসিডেন্ট ও সিইও মুহাম্মদ নাসির সেলিম। সফরকালে তারা নীতিনির্ধারক, নিয়ন্ত্রক সংস্থা, ব্যবসায়ী নেতা এবং সরকারি-বেসরকারি খাতের গুরুত্বপূর্ণ অংশীজনদের সঙ্গে মতবিনিময় করবেন। পাশাপাশি বাংলাদেশে এইচবিএলের কার্যক্রমের ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানেও অংশ নেবেন। এইচবিএল বাংলাদেশের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।
ব্যাংকটির ভাষ্য, গত পাঁচ দশকে বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যে উল্লেখযোগ্য অবদান রাখার পাশাপাশি দেশে শক্তিশালী উপস্থিতি তৈরি করেছে এইচবিএল। বর্তমানে বিদেশী বিনিয়োগ আকর্ষণ ও আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণ বাংলাদেশের অন্যতম অগ্রাধিকার। বিশেষ করে চীন-মধ্যপ্রাচ্য-দক্ষিণ এশিয়া বাণিজ্য করিডোরে নতুন সম্ভাবনা তৈরি হওয়ায় এ সফরকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছে ব্যাংকটি।
এইচবিএল বাংলাদেশ বর্তমানে গ্রাহকদের আরএমবি/সিএনওয়াই মুদ্রায় হিসাবসেবা দিচ্ছে। ব্যাংকটির দাবি, দক্ষিণ এশিয়া ও মেনা (এমইএনএ) অঞ্চলের তিনটি ব্যাংকের অন্যতম হিসেবে চীনে পূর্ণাঙ্গ আরএমবি মধ্যস্থতা সেবা দিতে সক্ষম তারা। এর মাধ্যমে বৈদেশিক বাণিজ্য ও আর্থিক প্রবাহে সহায়তার পাশাপাশি চীনের শীর্ষস্থানীয় রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ও প্রথম সারির আর্থিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সরাসরি সম্পৃক্ত হওয়ার সুযোগ তৈরি হয়েছে।
সুলতান আলী আল্লানা ২০০৪ সালের ফেব্রুয়ারি থেকে এইচবিএলের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। আর মুহাম্মদ নাসির সেলিম ২০২৪ সালের মার্চে ব্যাংকটির প্রেসিডেন্ট ও সিইওর দায়িত্ব নেন।
উল্লেখ্য, পাকিস্তানভিত্তিক বহুজাতিক বাণিজ্যিক ব্যাংক এইচবিএলের ৫৬ দশমিক ৫৮ শতাংশ শেয়ার রয়েছে আগা খান ফান্ড ফর ইকোনমিক ডেভেলপমেন্টের হাতে। ব্যাংকটির ব্যবস্থাপনা নিয়ন্ত্রণও প্রতিষ্ঠানটির হাতে রয়েছে।










