মালয়েশিয়া বিশ্বের দ্বিতীয় শীর্ষ পাম অয়েল উৎপাদন ও রফতানিকারক দেশ। আন্তর্জাতিক বাজারে পণ্যটির মূল্য নির্ধারণে অন্যতম প্রভাবক হিসেবে কাজ করে মালয়েশিয়া। বিশ্বজুড়ে নভেল করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় পাম অয়েল খাতের সবচেয়ে বড় আন্তর্জাতিক সম্মেলন পিছিয়ে দিয়েছে দেশটি। খবর স্টার অনলাইন।

বুরসা মালয়েশিয়া ডেরিভেটিভস এক্সচেঞ্জ দেশটিতে প্রতি বছর পাম অয়েল সম্মেলন আয়োজন করে। এতে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, চীন, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), ভারতসহ বিভিন্ন দেশ থেকে পাম অয়েল খাতের সঙ্গে সম্পৃক্ত সহস্রাধিক উৎপাদনকারী, বাগান মালিক, রফতানি ও আমদানিকারক, গবেষক, ব্যবসায়ী অংশ নেন।

চলতি বছর ২-৪ মার্চ সম্মেলনটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে নভেল করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় সম্মেলনটি পিছিয়ে ২২-২৪ জুনে নিয়ে যাওয়া হয়েছে। বুরসা মালয়েশিয়া ডেরিভেটিভস এক্সচেঞ্জ এক বিবৃতিতে নতুন এ তারিখ জানিয়েছে। বলা হয়েছে, সম্মেলনে অংশগ্রহণকারীদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হয়েছে। এ কারণে মার্চের প্রথম সপ্তাহে সম্মেলনটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে জুনে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।