এসএমই ফাউন্ডেশনের ১৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার
(১৭ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁও পর্যটন ভবনে এ সভার আয়োজন করা হয়।
সাধারণ সভায় ফাউন্ডেশনের চেয়ারপার্সন অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান
জানান, গত অর্থবছরে এসএমই ফাউন্ডেশনের কর্মসূচির সরাসরি সুবিধাভোগী ২৮ হাজার ১৬ জন,
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তার মধ্যে পুরুষ ১৩ হাজার ৬৯৮ জন এবং নারী ১৪ হাজার ৩১৮ জন।
তিনি আরো জানান, নভেল করোনা ভাইরাসের ক্ষতি কাটিয়ে উঠতে প্রথম দফায় ৩ হাজার
১০৮ জন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তার মাঝে সরকারের প্রণোদনা প্যাকেজের ৩০০ কোটি টাকার
ঋণ বিতরণ শেষে প্রত্যাবর্তনকৃত অর্থে গঠন করা ‘রিভলভিং তহবিল’ থেকে দ্বিতীয় দফায় মাত্র
৪ শতাংশ সুদে আরো ২৯৪ কোটি টাকার ঋণ বিতরণ করা হয়েছে। গত অর্থবছরে ঋণপ্রাপ্ত ২ হাজার
৯৭৮ জন উদ্যোক্তার মধ্যে ৭৫ শতাংশ পুরুষ (২ হাজার ২৪২ জন) ও ২৫ শতাংশ নারী-উদ্যোক্তা
(৭৩৬ জন)। ১ হাজার ৯১৭ জন ঋণপ্রাপ্ত উদ্যোক্তা উৎপাদন খাতের। ব্যবসা ও ভ্যালু চেইন
খাতের ৭৪০ জন এবং ৩২১ জন সেবা খাতের উদ্যোক্তা।
এসএমই ফাউন্ডেশনের ১৮তম বার্ষিক সাধারণ সভায় পরিচালক পর্ষদ এবং সাধারণ
পর্ষদের সদস্যদের কাছে ২০২২-২৩ অর্থবছরের বাস্তবায়িত কর্মসূচির ওপর বিভিন্ন পরিসংখ্যান
তুলে ধরেন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) সালাহউদ্দিন মাহমুদ।
তিনি জানান, ২০২২-২৩ অর্থবছরে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের উন্নয়নে
৭৪৫টি কর্মসূচি বাস্তবায়ন করে এসএমই ফাউন্ডেশন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ১০ম জাতীয়
এসএমই পণ্য মেলা ২০২২ এবং সিলেট, বরিশাল, রাজশাহী ও দিনাজপুরে ৪টি ‘বিভাগীয় এসএমই পণ্য
মেলা ২০২৩’ আয়োজন, জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার ২০২২ প্রদান, ‘এসএমই ফাইন্যান্সিং
ফেয়ার ২০২৩’ আয়োজন, এসএমই ক্লাস্টার ডিরেক্টরি প্রকাশ এবং নতুন ক্লাস্টার চিহ্নিত করে
পুরাতন ও নতুন ক্লাস্টারভিত্তিক বিশেষ কর্মসূচি বাস্তবায়ন এবং দুটি ক্লাস্টারের ক্যাটালগ
প্রকাশ, ৬টি ক্লাস্টারের ফেসবুক পেজ এবং ‘ডিজিটাল অ্যাডভাইজরি সার্ভিস প্ল্যাটফর্ম’
তৈরি, নারী-উদ্যোক্তাদের জন্য অনলাইন ওয়ান স্টপ বিজনেস অ্যাডভাইজরি সার্ভিস সেন্টার
‘Onnessha’ তৈরি, ফাউন্ডেশনের
সহায়তায় যুক্তরাষ্ট্রে ‘NY NOW Winter Trade Show 2023’-এ ১৪টি এসএমই
প্রতিষ্ঠানের অংশগ্রহণ, এসএমই ফাউন্ডেশনের সহায়তায় ৮টি প্রতিষ্ঠানের ISO
22000
অর্জন, ২০২৩-২৪ অর্থবছরের বাজেটের জন্য জাতীয় রাজস্ব বোর্ডে এসএমই খাতের উন্নয়নে ৫৬টি
প্রস্তাব উত্থাপন, ২৭তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২৩-এ ফাউন্ডেশনের সহায়তায়
উদ্যোক্তাদের পণ্য প্রদর্শন, ফাউন্ডেশনের প্রকাশনা দর্শনার্থীদের কাছে তুলে ধরতে অমর
একুশে বইমেলা ২০২৩-এ অংশগ্রহণ, আন্তর্জাতিক এমএসএমই দিবস ২০২৩ উদযাপন এবং এসএমই চেম্বার/অ্যাসোসিয়েশন,
এসএমই ক্লাস্টারভিত্তিক উন্নয়ন এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা উন্নয়নে প্রশিক্ষণ,
কর্মশালা, উদ্যোক্তা-ব্যাংকার ম্যাচমেকিং ও মতবিনিময় সভা, ওয়েবিনার, সমঝোতা স্মারক
স্বাক্ষর, সেমিনারসহ সরকারের প্রণোদনা প্যাকেজের ঋণ বিতরণ, পণ্য বাজারজাতকরণ, দক্ষতা
উন্নয়ন এবং দেশে ও বিদেশে উৎপাদিত পণ্যের বাজার সম্প্রসারণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
ফাউন্ডেশনের চেয়ারপার্সন অধ্যাপক ড. মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে
অনুষ্ঠিত সভায় ২০২২-২৩ অর্থবছরে এসএমই ফাউন্ডেশনের কার্যক্রমের ওপর পরিচালক পর্ষদের
প্রতিবেদন উপস্থাপন ও গ্রহণ, নিরীক্ষিত আর্থিক বিবরণী ও নিরীক্ষকের প্রতিবেদন অনুমোদন
এবং ২০২৪-২৫ অর্থবছরের বাজেট উপস্থাপন ও অনুমোদন করা হয়। পরিচালক পর্ষদের প্রতিবেদনের
ওপর মতামত ও সুপারিশ প্রদান করেন সাধারণ পর্ষদের সদস্যরা।
তারা বলেন, নভেল করোনা ভাইরাসের কারণে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ক্ষতি
কাটিয়ে উঠতে এসএমই ফাউন্ডেশনের বিভিন্ন কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তবে আরো
এসএমই উদ্যোক্তাকে এসব কর্মসূচির আওতায় আনতে এসএমই ফাউন্ডেশনের অনুকূলে অর্থ বরাদ্দেরও
দাবি জানান তারা।










