আগামী বছর যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি লক্ষণীয় মাত্রায় কমবে। রোববার সিবিএস টেলিভিশনের সিক্সটি মিনিটসে দেয়া এক সাক্ষাত্কারে এমন পূর্বাভাস দেন দেশটির অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন। খবর রয়টার্স।
অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন বলেন, ‘আমি বিশ্বাস করি, আগামী বছরের শেষ নাগাদ দেশের জনগণ মূল্যস্ফীতির হার উল্লেখযোগ্য মাত্রায় কম দেখতে পারবেন, যদি অপ্রত্যাশিতভাবে দেশের বাজারে মন্দা সৃষ্টি না হয়ে থাকে।’
মন্দার সম্ভাবনা রয়েছে কিনা এমন প্রশ্নের উত্তরে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের সাবেক এ চেয়ারম্যান বলেন, ‘আগামী বছর মন্দার ঝুঁকি রয়েছে। তবে এটা আমার দৃষ্টিতে মূল্যস্ফীতি খারাপের দিকে প্রবাহিত করার জন্য যথেষ্ঠ নয়।’
তিনি আরো বলেন, ‘অর্থনৈতিক প্রবৃদ্ধি উল্লেখযোগ্যভাবে ধীর হচ্ছে। মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে রয়েছে। শিপিং খরচ, পণ্য সরবরাহ সময়ের ব্যবধান কমে গিয়েছে। আশা করা হচ্ছে, আগামী বছর শ্রমবাজার ভালো অবস্থানে থাকবে।’
উল্লেখ্য, চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি ১৫ মাসের সর্বনিম্নে নেমে এসেছে। গত সপ্তাহে ইউনিভার্সিটি অব মিশিগানের এক জরিপে বলা হয়, ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি ৪ দশমিক ৬ শতাংশে নেমে এসেছে। আগের মাসে যা ছিল ৪ দশমিক ৯ শতাংশ। এতে বিশ্বের শীর্ষ অর্থনীতির মূল্যস্ফীতি ১৫ মাসের সর্বনিম্নে নেমে এলেও তা দুই বছরের আগের তুলনায় বেশি।
ডিসেম্বরে ভোক্তা মূল্যসূচক ২ দশমিক ৩ পয়েন্ট বেড়ে ৫৯ দশমিক ১ পয়েন্টে দাঁড়িয়েছে। গত নভেম্বরে যা ছিল ৫৬ দশমিক ৮ পয়েন্ট।










