ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) স্প্রিং-২০২৬ সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে উৎসবমুখর আয়োজনে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত নবীন শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পরিচিতি পর্বটি প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে আইইউবিএটির মিশন ও ভিশন, একাডেমিক নিয়মকানুন, ক্যারিয়ার সার্ভিস, গ্রন্থাগার ও আইটি সুবিধা, শিক্ষার্থী সংগঠন ও সহশিক্ষা কার্যক্রম, পরিবহন ব্যবস্থা এবং অন্যান্য সুযোগ-সুবিধা নিয়ে প্রামাণ্য ভিডিওচিত্র প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে আইইউবিএটির উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রবের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিপণন বিশেষজ্ঞ ও করপোরেট ব্যক্তিত্ব ড. সৈয়দ আলমগীর। বিশেষ অতিথি ও বক্তা হিসেবে নবীন শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন আইইউবিএটির কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিনা নার্গিস, রেজিস্ট্রার প্রফেসর ড. মো. মমতাজুর রহমান, প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মনিরুল ইসলাম এবং ব্যবসায় অনুষদের ডিন অধ্যাপক ড. মোজাফ্ফর আলম চৌধুরীসহ বিভিন্ন অনুষদের শিক্ষকরা।
বক্তারা তাদের বক্তব্যে শিক্ষার্থীদের নৈতিকতা, নেতৃত্বগুণ, উদ্ভাবনী চিন্তাভাবনা, গবেষণাভিত্তিক ও বাস্তবমুখী শিক্ষার গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি সময় ব্যবস্থাপনা, সৃজনশীল সমস্যা সমাধান, দলগত কাজের দক্ষতা এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার ওপর জোর দেন তারা।
আয়োজকদের মতে, এ পরিচিতি পর্ব নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনের শুরুতে আত্মবিশ্বাস ও উদ্দীপনা জোগাবে। একই সঙ্গে আইইউবিএটিকে একটি পরিবার হিসেবে অনুভব করার সুযোগ তৈরি করেছে এ আয়োজন, যেখানে শিক্ষার পাশাপাশি মূল্যবোধ, নেতৃত্ব ও সামাজিক দায়িত্ববোধ গড়ে তোলার পরিবেশ নিশ্চিত করা হয়।










