টাইলস উৎপাদনকারী প্রতিষ্ঠান স্টার সিরামিকস লিমিটেডের প্রকল্প সম্প্রসারণ এবং সার্বিক বাণিজ্যিক কার্যক্রমের ব্যাংকিং সলিউশনের জন্য মেঘনা ব্যাংক ইনভেস্টরস মিট আয়োজন করে। এ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রকল্প অর্থায়নে আগ্রহী ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোর জ্যেষ্ঠ কর্মকর্তারা। এ প্রকল্পের আওতায় মেঘনা ব্যাংক ১৭৫ কোটি টাকার প্রেফারেন্সিয়াল শেয়ার ও ঋণ তহবিল ব্যবস্থাপনায় লিড হিসেবে কাজ করবে। মেঘনা ব্যাংকের এমডি ও সিইও সোহেল আর কে হোসেন এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে স্টার সিরামিকসের এমডি কামার-উজ-জামান ও মেঘনা ব্যাংকের ডিএমডি কিমিয়া সাদাত প্রমুখ উপস্থিত ছিলেন।
আর এ কে সিরামিকসের অঙ্গপ্রতিষ্ঠান স্টার সিরামিকস ২০১০ সাল থেকে সিলেট বিভাগের হবিগঞ্জ জেলায় বাণিজ্যিকভাবে টাইলস এবং সিরামিক পণ্য উৎপাদন শুরু করে। বর্তমানে এ কোম্পানি বছরে ৮৫ মিলিয়ন স্কয়ার ফিট টাইলস এবং ৪ লাখ ৫০ হাজার পিস স্যানিটারি পণ্য উৎপাদন করছে। নতুন সম্প্রসারণ প্রকল্পের আওতায় কোম্পানির উৎপাদনে যুক্ত হবে টাইলস পলিশিং এবং হিটরিকভারি কো-জেনারেশন ইউনিট। —বিজ্ঞপ্তি









