ইউক্রেনে রুশ আক্রমণের প্রভাব পড়েছে ফরাসিদের ওপর। যুদ্ধের কারণে বিশ্ববাজারে খাদ্য ও জ্বালানির দাম অব্যাহতভাবে ঊর্ধ্বমুখী রয়েছে। ব্যয়ের চাপ সামলাতে ফ্রান্স অধিবাসীদের জন্য ২ হাজার কোটি ইউরো (২ হাজার ৩০ কোটি ডলার) সহায়তার প্যাকেজ ঘোষণা করেছে ফ্রান্স সরকার। খবর এপি।
সম্প্রতি সংসদে সরকারের অর্থনৈতিক কৌশলের বিস্তারিত বিবরণী পেশ করেন ফ্রান্সের প্রধানমন্ত্রী এলিজাবেথ বর্ন। এর একদিন পরই মন্ত্রিপরিষদ সভায় ফ্রান্সের নাগরিকদের জন্য ২ হাজার কোটি ইউরোর একটি সহায়তা প্যাকেজের প্রস্তাব উত্থাপন করা হয়।
রাশিয়া-ইউক্রেন সংঘাত কেন্দ্র করে মূল্যস্ফীতির হার লাফিয়ে লাফিয়ে বাড়ছে বিভিন্ন দেশে। এতে করে লাগামহীন দাম বাড়ে খাদ্য ও জ্বালানির। ইউরো মুদ্রা ব্যবহারকারী ১৯টি দেশে বার্ষিক মূল্যস্ফীতির হার ৮ দশমিক ৬ শতাংশে পৌঁছে। এরই পরিপ্রেক্ষিতে সহায়তা প্যাকেজের ঘোষণা দিয়েছে ফ্রান্স সরকার। বিশ্লেষকদের ধারণা, ফ্রান্সে বার্ষিক মূল্যস্ফীতির হার ৬ দশমিক ৫ শতাংশ।









