শাহ্জালাল ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোহাম্মদ ইউনুছ। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে মহিউদ্দিন আহমেদ পুনর্নির্বাচিত ও ফকির আখতারুজ্জামান নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার ব্যাংকের পরিচালক পর্ষদের ৪০৪তম সভায় সর্বসম্মতিক্রমে তাদের নির্বাচন করা হয়।
নবনির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ তিন দশকের বেশি সময় ধরে কাগজ, আইটি, ইন্স্যুরেন্স, মার্চেন্ট ব্যাংক, এগ্রো, রাবার, বস্ত্র ও হিমাগার শিল্প-বাণিজ্যের সঙ্গে জড়িত রয়েছেন।
মোহাম্মদ ইউনুছ ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সদস্য। এছাড়া তিনি গ্যালাক্সি ফ্লাইং একাডেমির ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) ভাইস প্রেসিডেন্ট।
পুনর্নির্বাচিত ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ চার দশক ধরে ব্যবসা-বাণিজ্যের সঙ্গে সম্পৃক্ত। তিনি রূপসা ট্রেডিং করপোরেশন ও মহিউদ্দিন অটো হাউজের স্বত্বাধিকারী। পাশাপাশি প্যাসিফিক অটোমোবাইলসের চেয়ারম্যান।
মহিউদ্দিন আহমেদ শাহ্জালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজের ভাইস চেয়ারম্যান ও ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশের একজন স্পন্সর শেয়ারহোল্ডার।
অপর ভাইস চেয়ারম্যান ফকির আখতারুজ্জামান তিন দশকের বেশি সময় ধরে ব্যবসা-বাণিজ্যের সঙ্গে জড়িত। তিনি ফকির নিটওয়্যারসের ব্যবস্থাপনা পরিচালক। তার তত্ত্বাবধানে প্রতিষ্ঠানটি বহুবার জাতীয় রফতানি ট্রফি অর্জন করেছে।
দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ ফকির আখতারুজ্জামান সরকার কর্তৃক ধারাবাহিকভাবে সিআইপি মনোনীত হয়ে আসছেন। সেই সঙ্গে তিনি এফকেএল স্পিনিং ও জামান এগ্রো ফিশারিজের ব্যবস্থাপনা পরিচালক। এছাড়া তিনি ফকির ইকো নিটওয়্যারসের চেয়ারম্যান ও সেন্ট্রাল হাসপাতাল, ঢাকার একজন পরিচালক।










