মহামারী শুরুর পর থেকে দক্ষিণ কোরিয়ার কভিড-১৯ টেস্টের কিট রফতানি রেকর্ড সর্বনিম্নে দাঁড়িয়েছে। দক্ষিণ কোরিয়ার শুল্ক বিভাগ জানায়, গত নভেম্বরে করোনার টেস্ট কিট বিক্রি হয়েছে ৭ কোটি ৪৪ লাখ ৭০ হাজার ডলারের। 

যা ২০২০ সালের এপ্রিলের পর থেকে সর্বনিম্ন। 

দ্য কোরিয়া হেরাল্ডের খবরে বলা হয়েছে, চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ৫০ কোটি ডলার মূল্যের টেস্ট কিট রফতানি হয়েছে। 

বৈশ্বিক ডাটা সরবরাহকারী প্রতিষ্ঠান ‘আওয়ার ওয়ার্ল্ড ইন ডাটা’র তথ্য অনুসারে, গত জানুয়ারিতে প্রতিদিন গড়ে ৩০ লাখ করোনা রোগী আক্রান্ত শনাক্ত হয়েছিল। আর নভেম্বরে গড়ে শনাক্ত নেমেছে ৩ লাখে। 

টেস্ট কিট রফতানি কমে যাওয়ায় দক্ষিণ কোরিয়ার বায়োফার্মাসিটিক্যাল কোম্পানিগুলো ব্যাপক লোকসানের সম্মুখীন হচ্ছে। 

চলতি বছরের তৃতীয় প্রান্তিকে পিসিআর টেস্ট কিট উৎপাদক সিজিনের বিক্রি ২০২১ সালের একই প্রান্তিকের তুলনায় ৫০ দশমিক ৫৬ শতাংশ কমেছে। বাজার বিশ্লেষকরা বলছেন, চলতি বছরে কোরিয়ার ওষুধ কোম্পানিগুলোর আয় হতে পারে ৮৮ হাজার ১৬০ কোটি ওন বা ৬৭ কোটি ৬০ লাখ ডলার। অথচ ২০২০ ও ২০২১ সালে এক ট্রিলিয়ন ওনের বেশি আয় করেছিল কোম্পানিগুলো।