পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক এশিয়া লিমিটেডের পরিচালনা পর্ষদ সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে। গতকাল অনুষ্ঠিত কোম্পানিটির পর্ষদ সভা থেকে সর্বশেষ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি এ লভ্যাংশের সুপারিশ করা হয়। এক মূল্যসংবেদনশীল তথ্যে এ সিদ্ধান্ত জানিয়েছে ব্যাংক এশিয়া।

২০২২ হিসাব বছরে ব্যাংক এশিয়ার সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৬২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৩৪ পয়সা। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৪ টাকা ৪১ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ২৩ টাকা ৩৩ পয়সা। 

এদিকে ঘোষিত লভ্যাংশ ও আলোচ্য হিসাব বছরের "অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে আগামী ৩০ এপ্রিল বেলা ১১টায় ভার্চুয়াল মাধ্যমে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করেছে কোম্পানিটি। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৬ এপ্রিল। 

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ নগদ দিয়েছে ব্যাংক এশিয়া। আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ২ টাকা ৩৪ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৭৪ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২১ শেষে ব্যাংকটির সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ২৩ টাকা ৩৩ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ২৩ টাকা ৩৪ পয়সা। 

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২০ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে ব্যাংক এশিয়া।