জাপানের প্রকৃত মজুরি নিম্নমুখী হয়েছে। এ নিয়ে টানা পঞ্চম মাসের মতো দেশটিতে প্রকৃত মজুরি নিম্নমুখী রয়েছে। ডলারের বিপরীতে ইয়েনের বিনিময় হার নিম্নমুখী হওয়ায় ভোক্তা মূল্য সূচক আট বছরের সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে। মোট আয়ে মূল্যস্ফীতি বাদ দিয়ে প্রকৃত মজুরি হিসাব করা হয়।

মাইনিচির খবরে বলা হয়েছে, আর্থিক নীতিতে সহজীকরণ ব্যবস্থা অক্ষুণ্ন রেখেছে ব্যাংক অব জাপান (বিওজে)। তবে দেশটির নীতিনির্ধারকরা প্রতিষ্ঠানগুলোকে টেকসই প্রবৃদ্ধি ধরে রাখার জন্য মজুরি বাড়ানোর আহ্বান জানিয়েছেন। এদিকে ডলারের বিপরীতে ইয়েনের বিনিময় হার ২৪ বছরে সর্বনিম্নে দাঁড়ানোয় জাপানে মূল্যস্ফীতি উল্লেখযোগ্য হারে বেড়েছে।

জাপানের শ্রম মন্ত্রণালয় অনুসারে, আগস্টে গত বছরের একই সময়ের তুলনায় প্রকৃত মজুরি ১ দশমিক ৭ শতাংশ কমেছে। গত জুনের তুলনায় আগস্টে প্রকৃত মজুরি কমার হার ১ দশমিক ৮ শতাংশ।

প্রকৃত মজুরি নির্ধারণে মন্ত্রণালয়টি ভোক্তা মূল্য সূচক (সিপিআই) ব্যবহার করে থাকে। এ সময়ে খাদ্যপণ্যের দাম বছরওয়ারি হিসাবে ৩ দশমিক ৫ শতাংশ বেড়েছে। এ হার ২০১৪ সালের পর সর্বোচ্চ।

এদিকে করপোরেট কার্যক্রমের শক্তির প্রধান সূচক ওভারটাইম বেতন আগস্টে ৪ দশমিক ৩ শতাংশ বেড়েছে। এ হার গত পাঁচ মাসের মধ্যে সর্বনিম্ন। তাছাড়া বোনাস অন্তর্ভুক্ত থাকা বিশেষ পেমেন্ট আগস্টে মাত্র দশমিক ৭ শতাংশ বেড়েছে। যদিও আগের মাসে এটি বাড়ার হার ছিল ১ দশমিক ৬ শতাংশ। প্রতিষ্ঠানগুলো যখন বিভিন্ন সংকটের মুখোমুখি হয়, তখন অবশ্য এ পেমেন্ট কমিয়ে দেয়।