আইএসও সনদ পেলো রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব)। রাষ্ট্রীয় মালিকাধীন একমাত্র ব্যাংক হিসেবে এই বিরল কৃতিত্ব অর্জন করেছে উত্তরের এই বিশেষায়িত ব্যাংক। সিবিএস পরিচালনা, ক্রমবর্ধমান সাইবার হামলা প্রতিরোধ ও গ্রাহকের আর্থিক তথ্যের নিরাপত্তা নিশ্চিত করায় রাকাবকে এ সনদ দেয়া হয়েছে।

রাকাবের রাকাবের আইসিটি বিভাগের  উপ-মহাব্যবস্থাপক মো. আবুল কালাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, তথ্য নিরাপত্তা ব্যবস্থাপনা সিস্টেমের (আইএসএমএস) আন্তর্জাতিক মান বজায় রাখার স্বীকৃতি এটি। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মধ্যে একই অর্জন একমাত্র রাকাবের।

তিনি আরো বলেন, আইএসও সার্টিফিকেশন একটি নিরীক্ষাযোগ্য আন্তর্জাতিক মানদণ্ড, যা আইএএমএস এর বাস্তবায়ন ও রক্ষণাবেক্ষণের প্রয়োজনীয় শর্তাবলি পরিপালন নিশ্চিত করে। তথ্যের নিরাপত্তা ঝুঁকি নিয়ন্ত্রণের জন্য ব্যবহৃত কিছু নীতিমালা, পদ্ধতি, প্রক্রিয়া ও কার্যপ্রণালীর সমন্বিত ব্যবস্থা। এই প্রক্রিয়ার মধ্যে রয়েছে সার্বিক ঝুঁকি নিরীক্ষাসহ এমন একটি ব্যবস্থাপনা, যা রাকাবকে নিরাপত্তা ঝুঁকির সম্ভাবনা কমিয়ে নিয়ন্ত্রণ ব্যবস্থার মান রজায় রাখতে সহায়ক হবে।

উপ-মহাব্যবস্থাপক আরো বলেন, রাকাবের গ্রাহকদের সর্বাধুনিক ও উন্নত ডিজিটাল সেবা প্রদানের ক্ষেত্রে ডাটা সিকিউরিটি ও সাইবার সিকিউরিটি একটি বিশেষ অংশ। ব্যাংকের এই অর্জনে প্রমাণিত হয় যে, সাইবার নিরাপত্তায় ব্যাংক ব্যবস্থাপনার পক্ষ হতে বিশেষভাবে গুরুত্ব দেয়া হয়।