চীন বিশ্বের শীর্ষ বিরল মৃত্তিকা উত্তোলনকারী দেশ। চলতি বছরে খনিজ পণ্যটির উত্তোলন কোটা আরো বাড়িয়েছে দেশটি। চীনের সরকারি সূত্রের তথ্য অনুযায়ী, মূল্যবান খনিজ সম্পদ উত্তোলন বৃদ্ধির লক্ষ্যে এ বছর দেশটি বিরল মৃত্তিকার উত্তোলন কোটা আগের বছরের তুলনায় ৬ দশমিক ১ শতাংশ বাড়িয়ে এ-যাবত্কালের সর্বোচ্চ বার্ষিক উত্তোলনে উন্নীত করেছে। খবর রয়টার্স।
চীনের প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, ২০২০ সালে দেশটিতে বিরল মৃত্তিকার উত্তোলনে কোটা বাড়িয়ে ১ লাখ ৪০ হাজার টনে উন্নীত করা হয়েছে। এর মধ্যে ১ লাখ ২০ হাজার ৪৫০ টন রয়েছে লাইট র্যায়ার আর্থ ওর এবং ১৯ হাজার ১৫০ টন রয়েছে হেবি র্যায়ার আর্থ ওরের দখলে। আগের বছরে পণ্যটির সম্মিলিত উত্তোলন কোটা ছিল ১ লাখ ৩২ হাজার টন।
চলতি বছরের জন্য নির্ধারিত কোটার মধ্যে ৬৬ হাজার টন উত্তোলন করা হয়েছে বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) এবং দ্বিতীয়ার্ধে (জুলাই-ডিসেম্বর) উত্তোলন করা হতে পারে ৭৪ হাজার টন। এদিকে ২০২০ সালে পরিশোধিত বিরল মৃত্তিকার মোট বৈশ্বিক উৎপাদনের ৮৩ শতাংশই চীনে উৎপাদন হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রাণালয়।
তবে মহামারীর প্রাদুর্ভাবের পর থেকে চীন থেকে বিরল মৃত্তিকা রফতানিতে নিম্নমুখী প্রবণতা বজায় রয়েছে। চলতি বছরের প্রথমার্ধে দেশটি সব মিলিয়ে ২১ হাজার ১১৫ টন বিরল মৃত্তিকা রফতানি করেছে, আগের বছরের একই সময়ের তুলনায় যা ৯ দশমিক ১ শতাংশ কম।










