বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে ২০২৬ সালের শরৎকালীন সেমিস্টারের নবীন বরণ এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে ‘নজরুল বর্ষ’ উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। তিনি জানান, নিয়ন্ত্রক সংস্থা হিসেবে তারা সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়কে আলাদা করে দেখছেন না। গবেষণা ও উচ্চ শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে অর্থ বরাদ্দ প্রদানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন শুধুমাত্র মেধা বা যোগ্যতাকেই প্রাধান্য দিচ্ছে।

অধ্যাপক ড. মামুন আহমেদ জানান, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংযোজিত কর বা ভ্যাট সরকার শতকরা ৫ ভাগ কমিয়েছে এবং আরো ৫ ভাগ কমানোর জন্য তারা চেষ্টা করছেন। প্রতিষ্ঠার ৩০ বছরে নানা সাফল্য অর্জনের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে তিনি অভিনন্দন জানান। একই সঙ্গে ক্যাম্পাসে পড়াশোনার পাশাপাশি বিভিন্ন ক্লাবে অংশ নিয়ে নিজেদের দক্ষতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশের জন্য তিনি নবীন শিক্ষার্থীদের পরামর্শ দেন।

অনুষ্ঠানের সভাপতি এবং বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন জানান, ৩০ বছর আগে দেশের নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেধাবী সন্তানদের মানসম্মত উচ্চ শিক্ষা দেয়ার যে স্বপ্ন নিয়ে পথচলা শুরু হয়েছিল, তার অনেকটাই বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। তিনি জানান, এ প্রতিষ্ঠানের উদ্বৃত্ত অর্থ বিভিন্ন বৃত্তির মাধ্যমে শিক্ষার্থীদের সুবিধার্থে ব্যবহার করা হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শামস রহমান জানান, তারা শিক্ষার্থীদের একই সঙ্গে জ্ঞান এবং যুগের চাহিদা অনুযায়ী দক্ষ হিসেবে তৈরি করছেন। ফলে এখানকার শিক্ষার্থীরা সুনামের সঙ্গে দেশে ও বিদেশে কাজ করার সুযোগ পাচ্ছেন। অনুষ্ঠানে ব্যবসায় ও অর্থনীতি অনুষদের ডিন অধ্যাপক ড. অনুপ চৌধুরী এবং নবীনদের পক্ষ থেকে একজন শিক্ষার্থী বক্তব্য দেন।

আলোচনা পর্ব শেষে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে বিশ্ববিদ্যালয়টির পরিবেশন শিল্পকলা ক্লাব এবং দেশের প্রখ্যাত নজরুল সংগীত শিল্পী খাইরুল আনাম শাকিলের পরিবেশনায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

—বিজ্ঞপ্তি