দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) অলটারনেটিভ ট্রেডিং বোর্ডে (এটিবি) তালিকাভুক্ত একমাত্র কোম্পানি লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেডের পরিচালনা পর্ষদ সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে। আলোচ্য হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি এ লভ্যাংশের সুপারিশ করা হয়েছে। এক মূল্যসংবেদনশীল তথ্যে এ সিদ্ধান্ত জানিয়েছে লংকাবাংলা সিকিউরিটিজ। 

প্রতিবেদন অনুসারে, ২০২২ হিসাব বছরে লংকাবাংলা সিকিউরিটিজের সমন্বিত কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৩৩ কোটি ৮৪ লাখ টাকা। এর আগের হিসাব বছরে এ মুনাফা ছিল ৫১ কোটি ৮৯ লাখ টাকা। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২৬ পয়সা। এর আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৯৩ পয়সা। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১ টাকা ২৫ পয়সায়। আগের হিসাব বছর শেষে যা ছিল ২০ টাকা ১ পয়সায়। 

এদিকে ২০২২ হিসাব বছরে এককভাবে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৩২ কোটি ৯৫ লাখ টাকা। এর আগের হিসাব বছরে যা ছিল ৭৪ কোটি ৬১ লাখ টাকা। আলোচ্য হিসাব বছরে এককভাবে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ২২ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৭৭ পয়সা। গত বছর শেষে এককভাবে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২১ টাকা ২৬ পয়সায়। আগের হিসাব বছর শেষে যা ছিল ২০ টাকা শূন্য ১ পয়সায়। 

নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির নির্দেশনা অনুসারে, অতালিকাভুক্ত ও তালিকাচ্যুত সিকিউরিটিজসহ করপোরেট বন্ড, অলটারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড, বেমেয়াদি মিউচুয়াল ফান্ড এটিবিতে তালিকাভুক্ত হতে পারবে। মূলত এখানে তালিকাভুক্তির মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে শেয়ার ও ইউনিট লেনদেন করার সুযোগ পাওয়া যাবে। এ প্লাটফর্মে প্রাতিষ্ঠানিক ও ব্যক্তি শ্রেণীর বিনিয়োগকারীরা লেনদেন করতে পারবেন। এটিবিতে লেনদেনের ক্ষেত্রে কোম্পানিগুলোর কোনো ন্যূনতম মূলধনি সীমা বেঁধে দেয়া হয়নি। যৌথ মূলধনি কোম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তরে (আরজেএসসি) নিবন্ধিত যেকোনো অতালিকাভুক্ত কোম্পানি এ প্লাটফর্মে শেয়ার লেনদেনের সুযোগ পাবে। তবে এ প্লাটফর্মের মাধ্যমে মূলধন বাড়ানোর সুযোগ থাকবে না। এখানে লেনদেনের ক্ষেত্রে টি+২ নিষ্পত্তি হবে। বেমেয়াদি মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনার ক্ষেত্রে ঋণসুবিধাও পাওয়া যাবে। এ প্লাটফর্মে তালিকাভুক্ত হলে কোম্পানিগুলোকে বছরে একবার মূল্যসংবেদনশীল তথ্য প্রকাশ করতে হবে। 

লংকাবাংলা সিকিউরিটিজ ছাড়াও বেঙ্গল মিট, এএফসি হেলথ ও প্রাণ এগ্রো এ প্লাটফর্মে তালিকাভুক্তির প্রক্রিয়ায় রয়েছে। গত বছরের মে মাসে এক সংবাদ সম্মেলনে ডিএসই জানিয়েছিল এটিবিতে দেশের ৭৬টি বেমেয়াদি মিউচুয়াল ফান্ড, ১৮টি ইকুইটি সিকিউরিটিজ ও ১৫টি ডেট সিকিউরিটিজ তালিকাভুক্তির জন্য প্রস্তুত রয়েছে।

তালিকাভুক্ত ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের সাবসিডিয়ারি প্রতিষ্ঠান লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড। চলতি বছরের ৪ জানুয়ারি এটিবিতে তালিকাভুক্ত হওয়া এ সাবসিডিয়ারি প্রতিষ্ঠানটির অনুমোদিত মূলধন ৫০০ কোটি টাকা। বর্তমান পরিশোধিত মূলধন রয়েছে ২৬৯ কোটি ৩ লাখ টাকা। রিজার্ভে রয়েছে ২৬৯ কোটি ৫০ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ২৬ কোটি ৯০ লাখ ৩০ হাজার ৩৩২। এর মধ্যে ৯২ দশমিক ৪১ শতাংশ উদ্যোক্তা পরিচালক ও বাকি ৭ দশমিক ৫৯ শতাংশ সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে। 

গত বৃহস্পতিবার এটিবি বোর্ডে লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর দাঁড়িয়েছে ১৮ টাকা ৯০ পয়সায়।  চলতি বছরের জানুয়ারি থেকে কোম্পানিটির শেয়ার সর্বনিম্ন ১৫ টাকা ৪০ পয়সা থেকে সর্বোচ্চ ৩০ টাকার মধ্যে লেনদেন হয়েছে।