বর্তমান অন্তর্বর্তী সরকারকে ‘এনজিওদের সরকার’ উল্লেখ করে ইস্ট কোস্ট গ্রুপের চেয়ারম্যান আজম জে চৌধুরী বলেছেন, ‘এ সরকার কোনো বিষয়ে ব্যবসায়ীদের মতামত নেয়নি। তারা যেহেতু এনজিও থেকে এসেছেন, এনজিওগুলোর মাধ্যমেই সারা দেশ চালানোর চেষ্টা করেছেন।’
দেশে আদৌ কোনো সংস্কার হয়েছে কিনা, এমন প্রশ্ন রেখে তিনি বলেন, ‘আগে ৫০ হাজার থেকে ১ লাখ টাকা ঘুস দিতে হতো; এখন লাগে ১০ লাখ, যা খুবই দুঃখজনক ব্যাপার।’
রাজধানীর কারওয়ান বাজারে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স মিলনায়তনে গতকাল এক সেমিনার ও ইআরএফ শিক্ষাবৃত্তি অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ‘অর্থনৈতিক স্থিতিশীলতা ও পরবর্তী সরকারের চ্যালেঞ্জ’ শীর্ষক ওই সেমিনার আয়োজন করা হয়।
আজম জে চৌধুরী বলেন, ‘পণ্য আমদানির পর ট্যাক্স পরিশোধের একদিনের মধ্যে খালাস পাওয়ার কথা; কিন্তু তা হয় না। ওনারা অনেক সময় বুঝতে পারেন না, কী জিনিস আমদানি হয়েছে। তখন বুয়েটে পাঠিয়ে দেন। বুয়েট থেকে ঘুরে এক মাস পর আসে, দেড় মাস পর তা খালাস হয়।’










