হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশী পারফিউম ব্র্যান্ড জোনাকি বুটিক
শপের উন্মোচন হলো। ইন্টেরিয়র ডিজাইনার নাসরীন জমির এর উদ্যোক্তা।
শনিবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বুটিক শপটির উদ্বোধনী অনুষ্ঠানে
উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি।
অনুষ্ঠানের শুরুতে নাসরীন জমিরকে পরিচয় করিয়ে দেন বোস্টন কনসাল্টিং
গ্রুপের ম্যানেজিং পার্টনার যারিফ মুনির। জোনাকি ব্র্যান্ডের কর্ণধার নাসরীন জমিরের
শুভেচ্ছা বক্তব্যের পর আলোচনা করেন ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি। সারা বিশ্বেই
নারী উদ্যোক্তারা যে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতার শিকার হন এ বিষয়টি স্বীকার করেন তিনি।
বাংলাদেশে নারী উদ্যোক্তাদের বিকাশে ইউরোপীয় ইউনিয়ন সহযোগিতার হাত বাড়িয়ে রাখতে চায়
বলে তিনি জানান।
সংক্ষিপ্ত আলোচনা শেষে ফিতা কেটে বুটিক শপটির উদ্বোধন করা হয়।
ঢাকায় লুক্সেমবুর্গ সরকারের অনারারি কনসাল নাসরীন জমির। নাসরীন জমির
অ্যান্ড অ্যাসোসিয়েটসের প্রতিষ্ঠাতা এবং ব্যবস্থাপনা পরিচালক নাসরীন বিশ্বের বুকে
‘মেড ইন বাংলাদেশ’ ও ‘ডিজাইনড ইন বাংলাদেশ’ ধারণাকে প্রতিষ্ঠিত করতে অগ্রণী ভূমিকা
পালন করছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্য ও রাষ্ট্রবিজ্ঞানে পড়াশোনা
শেষে কানাডায় গিয়ে ইন্টেরিয়র ডিজাইন নিয়ে পড়াশোনা করেছেন। নামী-দামী অসংখ্য হোটেল,
করপোরেট অফিস, বিলাসবহুল বাড়ির অন্দর সাজিয়েছেন তিনি।
বহু বছর ধরে ইন্টেরিয়র ডিজাইনার, ফার্নিচার ডিজাইনার হিসেবে সফল নাসরীন
জমির নিজের পারফিউম ব্র্যান্ডের পরিকল্পনা করেন ২০১৭ সালে। ব্যবসার ক্ষেত্রে পারফিউমের
জগত সম্প্রসারণ করার পেছনে তার অনুপ্রেরণায় ছিল শ্যানেল, ডিওরের মতো বিশ্বখ্যাত পারফিউম
ব্র্যান্ড। তার স্বামী মোহাম্মদ জমির বাংলাদেশের সাবেক প্রধান তথ্য কমিশনার, যিনি রাষ্ট্রদূতের
দায়িত্বও পালন করেছেন। নাসরীন জমিরের বাবা মুহাম্মদ দেলোয়ার হোসাইন সমাজ কল্যাণে ভূমিকার
জন্য একুশে পদক পেয়েছিলেন।










