নভেল করোনাভাইরাস নিয়ে বিশ্বজুড়ে আতঙ্ক স্বর্ণের বাজার চাঙ্গা করে তুলেছে। শুক্রবার আন্তর্জাতিক বাজারে মূল্যবান ধাতুটির দাম আউন্সে ৩ ডলারের বেশি বেড়েছে। দ্রুত ছড়িয়ে পড়া এ ভাইরাসের বিস্তারে লাগাম টানতে না পারলে আগামীতে স্বর্ণ আরো দামি হয়ে উঠতে পারে বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা। খবর মার্কেট ওয়াচ ও রয়টার্স।
নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জে এদিন এপ্রিলে সরবরাহ চুক্তিতে প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হয় ১ হাজার ৫৭৩ ডলার ৪০ সেন্টে, যা আগের দিনের তুলনায় দশমিক ২ শতাংশ বেশি। একদিনের ব্যবধানে মূল্যবান ধাতুটির দাম আউন্সপ্রতি ৩ ডলার ৪০ সেন্ট বেড়েছে।
মার্কেট ওয়াচের প্রতিবেদনে বলা হয়েছে, নভেল করোনাভাইরাস নিয়ে বিশ্বজুড়ে আতঙ্কের পাশাপাশি মার্কিন কর্মসংস্থান খাতে প্রবৃদ্ধির খবর স্বর্ণের মূল্য বৃদ্ধির পেছনে প্রভাবক হিসেবে কাজ করেছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল শ্রম বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারিতে দেশটিতে নতুন করে ২ লাখ ২৫ হাজার কর্মসংস্থান নিািশ্চত করা সম্ভব হয়েছে, যা প্রত্যাশার তুলনায় বেশি। এ পরিস্থিতি স্বর্ণের দাম বাড়িয়েছে।
এদিকে খাতসংশ্লিষ্টরা বলছেন, নভেল করোনাভাইরাসের কারণে চীনে ব্যবসা-বাণিজ্য প্রায় বন্ধ হতে বসেছে। ফলে দেশটির অর্থনীতি শ্লথ হয়ে আসতে পারে। প্রভাব পড়তে পারে বৈশ্বিক অর্থনীতিতেও। এমন পরিস্থিতিতে বিনিয়োগকারীরা তুলনামূলক নিরাপদ উৎস হিসেবে স্বর্ণের বাজারে ঝোঁকেন। ফলে বেড়ে যায় মূল্যবান ধাতুটির চাহিদা ও বেচাকেনা। বাড়তে শুরু করে দাম। নভেল করোনাভাইরাসের কারণে একই পরিস্থিতি তৈরি হতে পারে।









