শিল্প গ্রুপ আকিজ রিসোর্সের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ এসেনসিয়ালস লিমিটেড তৃতীয়বারের মতো খাদ্যপণ্যের আন্তর্জাতিক প্রদর্শনী ‘গালফ ফুড ফেয়ার ২০২৬’-এ অংশ নিয়েছে। সংযুক্ত আরব আমিরাতের দুবাই ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ও দুবাই এক্সিবিশন সেন্টারে পাঁচ দিনব্যাপী এ মেলা সোমবার থেকে শুরু হয়েছে। এতে আকিজ এসেনসিয়ালস তাদের শতাধিক পণ্য প্রদর্শন করছে। এর মধ্যে রয়েছে সব ধরনের বেসিক ও মিক্সড মসলা, অ্যারোমেটিক চাল, আটা, ময়দা, সুজি, সরিষার তেল, স্ন্যাকস, আচার, টোস্ট, ড্রাই কেক, কুকিজ, লাচ্ছা সেমাই, মুড়ি ও চিঁড়াসহ বিভিন্ন ভোগ্যপণ্য।

ফেয়ারে অংশগ্রহণ প্রসঙ্গে আকিজ এসেনসিয়ালসের হেড অব এক্সপোর্ট মো. আহমেদুল কবির বলেন, ‘আন্তর্জাতিক এ প্লাটফর্মের মাধ্যমে আমরা বিশ্বজুড়ে ক্রেতা, পরিবেশক ও আমদানিকারকদের কাছে আকিজ এসেনসিয়ালসের ব্র্যান্ড পরিচিতি আরো জোরদার করতে চাই।’

পাশাপাশি নতুন ক্রেতা ও পরিবেশকদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন এবং রফতানি আদেশ বৃদ্ধি করাই প্রধান লক্ষ্য।’

তিনি জানান, এ ধরনের আন্তর্জাতিক প্রদর্শনী নতুন বাজার সম্পর্কে বাস্তব ধারণা দেয়। পাশাপাশি প্রতিযোগীদের পণ্য, প্যাকেজিং ও বাজার প্রবণতা বিশ্লেষণের সুযোগ তৈরি করে। এছাড়া আন্তর্জাতিক ক্রেতাদের কাছ থেকে পণ্যের মান, স্বাদ ও প্যাকেজিং বিষয়ে সরাসরি ফিডব্যাক পাওয়া যায়। এসবই ভবিষ্যৎ পণ্য উন্নয়ন ও ব্যবসা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

মো. আহমেদুল কবির আরো বলেন, ‘আকিজ এসেনসিয়ালস এরই মধ্যে ইউরোপ, এশিয়া, গালফ ও আমেরিকাসহ বিভিন্ন অঞ্চলে পণ্যের চাহিদা বাড়ানোর জন্য কাজ করছে। গালফ ফুড ফেয়ারের মাধ্যমে আমরা বিদ্যমান রফতানি বাজারের পাশাপাশি আফ্রিকা, দক্ষিণ-পূর্ব এশিয়া ও মধ্য আমেরিকার মতো নতুন বাজারে প্রবেশের সুযোগ সৃষ্টি করতে চাই।’