দুবাইয়ে পাঁচ বেডরুম ও ৪ হাজার ৫৫৮ বর্গফুটের একটি টাউনহাউজ বিক্রি হয়েছে। রিয়েল এস্টেট ব্রোকারেজ হাউজ ড্রাইভেন প্রপার্টিজ জানায়, টাউনহাউজটি ক্রয়ে গ্রাহককে ব্যয় করতে হয়েছে ৩ কোটি ৫৫ লাখ দিরহাম। জুমেইরা বে আইল্যান্ডে ভিলা আমালফি ডেভেলপার কোম্পানির মালিকানায় ছিল টাউনহাউজটি। সরাসরি সৈকতের নিসর্গ উপভোগের পাশাপাশি ছাদ থেকে পুরো আকাশ দেখার সুযোগ রয়েছে এতে। এক পাশে আরব্য উপসাগর এবং অন্য পাশে অট্টালিকাশোভিত দুবাইয়ের আকাশ। ড্রাইভেন প্রপার্টিজের স্বত্বাধিকারী আবদুল্লাহ আলাজাজি বলেন, অতিধনীদের পছন্দের গন্তব্য হিসেবে দাঁড়িয়েছে জুমেইরা বে। অতিধনীদের চাহিদা চাঙ্গা থাকায় চলতি বছরে অভিজাত বাসা ও ভিলার দাম ১৫ শতাংশ বাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। খালিজ টাইমস