পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি বিচ হ্যাচারি লিমিটেডের পূর্ব ঘোষিত ২৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) স্থগিত করেছে কোম্পানিটি। একই সঙ্গে এ এজিএমের জন্য সময় বাড়ানোর আবেদন জানিয়ে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে আবেদন জানিয়েছে কোম্পানিটি। এ সভা ২৬ ফেব্রুয়ারি সকাল ১০টায় ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। 

সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে উদ্যোক্তা পরিচালক বাদে বাকি বিনিয়োগকারীদের জন্য ১ দশমিক ৫০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করে বিচ হ্যাচারির পরিচালনা পর্ষদ। ঘোষিত এ লভ্যাংশ ও আলোচ্য হিসাব বছরের অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে ২৭তম এজিএম আহ্বান করেছিল কোম্পানিটি। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ছিল গত বছরের ১২ ডিসেম্বর। 

২০২১-২২ হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২২ পয়সা। আগের হিসাব বছরে যেখানে শেয়ারপ্রতি লোকসান ছিল ২২ পয়সা।