২০১৯ সালের প্রায় পুরোটা জুড়ে চীনের স্টেইনলেস স্টিল (মরিচারোধী ইস্পাত) উৎপাদনে শ্লথগতি বজায় ছিল। বিশেষ করে সেপ্টেম্বরের পর থেকে ধারাবাহিকভাবে দেশটিতে শিল্প পণ্যটির উৎপাদন কমেছে। বছরের সর্বশেষ মাসেও এ অবস্থার কোনো ব্যত্যয় ঘটেনি। এ সময় দেশটিতে ধাতব পণ্যটির উৎপাদন আগের মাসের তুলনায় ১ দশমিক ৬৫ শতাংশ কমেছে। খবর এসএমএম নিউজ।

বিদায়ী বছরের ডিসেম্বরে চীনের কারখানাগুলোয় মিলিয়ে ২৪ লাখ টন স্টেইনলেস স্টিল উৎপাদন হয়েছে, যা আগের মাসের তুলনায় ১ দশমিক ৬৫ শতাংশ কম। তবে আগের বছরের একই সময়ের তুলনায় দেশটিতে পণ্যটির উৎপাদন ৯ দশমিক শূন্য ৫ শতাংশ বেড়েছে।

ডিসেম্বরে দেশটিতে উৎপাদিত মোট স্টেইনলেস স্টিলের মধ্যে সর্বাধিত হিস্যা রয়েছে ৩০০-সিরিজের দখলে। গত মাসে এ ক্যাটাগরির মোট ১১ লাখ ২০ হাজার ৬০০ টন স্টেইনলেস স্টিল উৎপাদন হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৪ দশমিক ২৫ শতাংশ কম। দেশটির পূর্বাঞ্চলের ঝাংজিয়াগাং পোহাং ও ডলং কারখানার উৎপাদন উল্লেখযোগ্য হারে কমায় সামগ্রিক উৎপাদন মন্দার মুখে পড়েছে।

একই সময় ৮ লাখ ৭ হাজার ৬০০ টন ৩০০-সিরিজের স্টেইনলেস স্টিল উৎপাদন হয়েছে দেশটিতে, যা আগের বছরের একই সময়ের তুলনায় দশমিক ৫৪ শতাংশ কম। দেশটির দক্ষিণাঞ্চলের কারখানাগুলোয় রক্ষণাবেক্ষণজনিত সমস্যায় এ সময় পণ্যটির সামগ্রিক উৎপাদন কমেছে।

তবে ব্যতিক্রম দেখা গেছে ৪০০-সিরিজের স্টেইনলেস স্টিলের ক্ষেত্রে। গত ডিসেম্বরে এ ক্যাটাগরির মোট ৪ লাখ ৭৯ হাজার ৪০০ টন স্টিল উৎপাদ হয়, যা আগের আগের বছরের তুলনায় ২ দশমিক ৯৪ শতাংশ বেশি। মূলত দেশটির পূর্বাঞ্চলীয় কারখানাগুলোর ওপর থেকে পরিবেশগত বিধিনিষেধ তুলে দেয়া হয়েছে এবং কয়েকটি কারখানা ৩০০-এর পরিবর্তে ৪০০-সিরিজের স্টেইনলেস স্টিল উৎপাদনে স্থানান্তর হয়েছে। ফলে দেশটির সামগ্রিক উৎপাদনে চাঙ্গা প্রভাব পড়েছে।

চীন বিশ্বের শীর্ষ অপরিশোধিত ইস্পাত উৎপাদনকারী দেশ। তবে স্টেইনলেস স্টিল তৈরির তালিকায় দেশটির অবস্থান বেশ পেছনের সারিতে। চলতি মাসেও দেশটির স্টেইনলেস স্টিল উৎপাদন নিম্নমুখী থাকতে পারে। খাতসংশ্লিষ্টরা বলছেন, এ মাসে সব মিলিয়ে ২০ লাখ টন ৮০ হাজার টন স্টেইনলেস স্টিল উৎপাদন করার প্রত্যাশা করছে চীন, যা ডিসেম্বরের তুলনায় ১৩ দশমিক ৫১ শতাংশ কম। তবে ২০১৯ সালের জানুয়ারির তুলনায় ৪ দশমিক ২৬ শতাংশ বেশি।