রফতানির খাতে একটি পণ্যের ওপর নির্ভরশীলতা দেশ ও দেশের অর্থনীতির
জন্য ভালো নয় বলে মনে করেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ)
সভাপতি ফারুক হাসান। তিনি বলেন, গার্মেন্টস ইউনিক পণ্যের প্রবৃদ্ধির সঙ্গে ব্যাকওয়ার্ড
লিঙ্কেজ ও ফরোয়ার্ড লিঙ্কেজের উন্নতি হয়। পাশাপাশি ব্যাংক ও ইনস্যুরেন্সের ব্যবসাও
বৃদ্ধি পায়।
শনিবার (১৭ ফেব্রুয়ারি) ইকোনমিক রিপোটার্স ফোরামের (ইআরএফ) কার্যালয়ে ‘বাংলাদেশ আরএমজি অ্যান্ড সাসটেইনেবল ডেভেলপমেন্ট’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন উপলক্ষে
আয়োজিত এক সেমিনারে এ সব কথা বলেন তিনি।
ফারুক হাসান বলেন, গার্মেন্টসের সাপ্লাই চেইনে অনেক ধরনের পণ্য লাগে।
আমরাও সব সময় ভ্যালু অ্যাড করার চেষ্টা করছি। গার্মেন্টসে টেকসই উন্নতি হয়েছে এবং এ
খাত সঠিক পথেই আছে।
গার্মেন্টসে কাজ করার ক্ষেত্রে বয়স সীমা কমিয়ে আনার বিষয়ে এখন কথা বলা দরকার বলে মনে করেন তিনি।
বিকেএমইএর ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, বাংলাদেশ ব্যাংক
সার্কুলার প্রকাশ করে ডেফার্ড পেমেন্টে রফতানি বন্ধ করার উদ্যোগ নিতে হবে। এ পদ্ধতিতে
রফতানি অনেক ঝুঁকিপূর্ণ। আমাদের বিনিয়োগের আকার বাড়ছে, সঙ্গে এ খাতে ঝুঁকিও বাড়ছে।
তাই ডেফার্ড পেমেন্টে এ রফতানি বন্ধে দ্রুত উদ্যোগ নিতে হবে। এছাড়া এফওসিতে শতভাগ রফতানি
করতে পারলে সেটা সম্পূর্ণ ঝুঁকিমুক্ত। বর্তমানে বাণিজ্য মন্ত্রণায় এফওসিতে পঞ্চাশ শতাংশ
রফতানি করার সুযোগ দিচ্ছে।
বিল্ড বাংলাদেশের সিইও ফেরদৌস আরা বেগম বলেন, দেশে
চার হাজার ১৮৭ টি বন্ড লাইসেন্স সাসপেন্ড হয়ে রয়েছে বিভিন্ন কারণে, তা বই রচয়িতা জানিয়েছেন। এছাড়া এর মধ্যে অনেকের বিন লক হয়ে আছে, এনবিআর থেকে
সেটা ছাড়ানো অনেক কষ্টের ব্যাপার।
তিনি বলেন, আরএমজি সেক্টরের বাস্তব অভিজ্ঞতা নিয়ে বই রচনা বাংলাদেশ
হয়তো প্রথম। সেজন্য তিনি তার বইয়ে এ সেক্টরের অনেক কিছু চমৎকারভাবে উপস্থাপন করেছেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিইউবিটির ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো.
ফাইয়াজ খান। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাবলিক এডমিনিস্ট্রেশন বিভাগের
সাবেক চেয়ারম্যান প্রফেসর আখতার হুসেন, কটন গ্রুপের পরিচালক ও বিএওয়াইএলএ সদস্য মাঈশা
মাহমুদ, টেক্সটাইল টুডে, বাংলাদেশের সম্পাদক ও প্রকাশক ইলাহি দাদ খান, গ্রন্থটির রচয়িতা
ড. মোহাম্মদ হাসানসহ অনেকে।










