চলতি বছরের জুনে প্রত্যাশার তুলনায় নরওয়ের অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন কমেছে। একই পরিস্থিতি বজায় ছিল দেশটির প্রাকৃতিক গ্যাস উত্তোলনেও। নরওয়েজিয়ান পেট্রোলিয়াম  ডিরেক্টরেট সম্প্রতি এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্স।

গত জুনে নরওয়ের কূপগুলো থেকে দৈনিক গড়ে ১৫ লাখ ৪০ হাজার ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন করা হয়েছে, আগের মাসের তুলনায় যা ১২ শতাংশ কম। একই সঙ্গে দেশটির সরকারি প্রাক্কলনের তুলনায় ৪ দশমিক ১ শতাংশ কম। এর আগে জুনে দৈনিক গড়ে ১৬ লাখ ১০ হাজার ব্যারেল জ্বালানি তেল উত্তোলনের পূর্বাভাস দিয়েছিল নরওয়ে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এ বিষয়ে নরওয়ের জ্বালানি তেল ও জ্বালানি মন্ত্রণালয় আলাদা বিবৃতি দিয়েছে এবং বলেছে, দেশটির প্রায় প্রত্যেকটি জ্বালানি তেলক্ষেত্রই জুনে নির্ধারিত কোটার তুলনায় কম জ্বালানি তেল উত্তোলন করেছে। আগামীতে তারা বাড়তি উত্তোলনের মাধ্যমে এ কোটা পুষিয়ে নেবে বলেও জানানো হয় বিবৃতিতে।

তবে গত জুনে আগের বছরের একই সময়ের তুলনায় দেশটিতে জ্বালানি তেলের উত্তোলন ব্যাপক হারে বেড়েছে। নরওয়ের জায়ান্ট জ্বালানি তেলক্ষেত্র জোহান স্যাভারড্রপ কার্যক্রমে আসায় এক বছরের ব্যবধানে জুনে দেশটিতে পণ্যটির উত্তোলন ৪৫ দশমিক ৮ শতাংশ বেড়েছে।

এদিকে সরকারি প্রাক্কলনের তুলনায় ১০ শতাংশ কমে জুনে মোট ২৭ কোটি ৯৭ লাখ ঘনমিটার প্রাকৃতিক গ্যাস উত্তোলন করেছে নরওয়ে। তবে আগের মাসের তুলনায় পণ্যটির উত্তোলন বেড়েছে ৫ দশমিক ৯ শতাংশ।  রাশিয়ার  পরে ইউরোপের দ্বিতীয় শীর্ষ প্রাকৃতিক গ্যাস উত্তোলনকারী দেশ নরওয়ে। এছাড়া জ্বালানি তেল উত্তোলনেও দেশটি প্রসিদ্ধ। গোটা বিশ্বের মোট উত্তোলনের ২ শতাংশ জ্বালানি তেল উত্তোলন করে দেশটি।