আন্তর্জাতিক বাজারে তামার দাম দিন দিন বাড়তে শুরু করেছে। এ ধারাবাহিকতায় সর্বশেষ কার্যদিবসে লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) ব্যবহারিক ধাতুটির দাম বেড়ে পাঁচ মাসের সর্বোচ্চে উঠেছে। দিন শেষে প্রতি টন তামার দাম ৫ হাজার ৯৮৫ ডলার ছাড়িয়ে গেছে। খবর বিজনেস রেকর্ডার।
এলএমই প্রাইস ইনডেক্স অনুযায়ী, সর্বশেষ কার্যদিবসে ভবিষ্যতে সরবরাহ চুক্তিতে প্রতি টন তামার দাম দাঁড়িয়েছে ৫ হাজার ৯৮৫ ডলার ৫০ সেন্টে, যা আগের দিনের তুলনায় টনপ্রতি ৫ ডলার বেশি। এর আগের দিন ভবিষ্যতে সরবরাহ চুক্তিতে প্রতি টন তামা ৫ হাজার ৯৮০ ডলার ৫০ সেন্টে বিক্রি হয়েছিল। চলতি বছরের ২৪ জানুয়ারির পর এটাই এলএমইতে তামার সর্বোচ্চ দাম। একই সঙ্গে সর্বশেষ সপ্তাহে ব্যবহারিক ধাতুটির গড় দাম আগের সপ্তাহের তুলনায় ১ দশমিক ৮ শতাংশ বেড়েছে। এর মধ্য দিয়ে টানা ছয় সপ্তাহ ধরে তামার গড় দামে চাঙ্গা ভাব বজায় রয়েছে।
যুক্তরাজ্যভিত্তিক পণ্যবাজারবিষয়ক তথ্য বিশ্লেষণী সংস্থা ক্যাপিটাল ইকোনমিকসের সহকারী অর্থনীতিবিদ কিয়েরান ক্ল্যানসি বলেন, তামার বাজারে মূল্য নির্ধারণে দক্ষিণ আমেরিকার দেশ চিলি বরাবর প্রভাবক হিসেবে কাজ করে। কেননা এ দেশটিতে সবচেয়ে বেশি তামা উত্তোলন হয়। বর্তমানে নভেল করোনাভাইরাসের সংক্রমণের কারণে চিলিতে তামা উত্তোলনে কার্যত ধস নেমেছে। ফলে বাড়তে শুরু করেছে ব্যবহারিক ধাতুটির দাম।










