সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে আমদানি কমেছে আদার। চলতি অর্থবছরের গত ১১ মাসে গত অর্থবছরের একই সময়ের তুলনায় মসলাজাত পণ্যটির আমদানি কমেছে প্রায় ৬০ হাজার টন। আমদানিকারক ও ব্যবসায়ীরা বলছেন, ভারতে সরবরাহ কম থাকায় ভোমরা স্থলবন্দর দিয়ে দেশে আদা কম আসছে।

এদিকে পর্যাপ্ত আমদানি না থাকায় কোরবানির ঈদকে সামনে রেখে দেশীয় বাজারে ব্যাপকহারে আদার দাম বেড়েছে। এক মাসের ব্যবধানে কেজিতে দাম বেড়েছে অন্তত ১৫০-২০০ টাকা। ব্যবসায়ীরা জানান, চাহিদার তুলনায় বাজারে সরবরাহ না থাকায় পণ্যটি বেশি দামে বিক্রি হচ্ছে।

সাতক্ষীরা শহরের সুলতানপুর বড় বাজারের মসলা আড়ত মেমার্স মামা-ভাগ্নে ভাণ্ডারের পরিচালক মো. জহুরুল ইসলাম বণিক বার্তাকে জানান, দেড় থেকে দুই মাস আগেও তার আড়তে আদা পাইকারি বিক্রি হয়েছে ৯০-১০০ টাকা কেজিতে। বর্তমান বিক্রি হচ্ছে ৩৯০-৪০০ টাকা। চাহিদা অনুযায়ী সরবরাহ না থাকায় লাফিয়ে দাম বাড়ছে। কোরবানির ঈদকে ঘিরে কোনো কোনো ব্যবসায়ী আদা মজুদ করায় দাম বাড়ার পেছনে তা বড় ভূমিকা পালন করেছে বলেও জানান এ ব্যবসায়ী। জহুরুল ইসলাম বলেন, ‘সামনে কোরবানির ঈদ, তাই মসলাজাতীয় পণ্যটির চাহিদা বেড়েছে কয়েক গুণ। তবে চাহিদা অনুযায়ী সরবরাহ না থাকায় ব্যাপকভাবে দাম বাড়ছে আদার।’

ভোমরা শুল্কস্টেশনের রাজস্ব শাখা বিভাগ থেকে জানা গেছে, চলতি অর্থবছরের জুলাই থেকে মে মাস পর্যন্ত এ বন্দরে আদা আমদানি হয়েছে ১৪ হাজার ৮৮৯ টন, যার আমদানিমূল্য ১৫৩ কোটি ২৯ লাখ টাকা। একইভাবে গত অর্থবছরের একই সময়ে পণ্য আমদানি হয় ৭৩ হাজার ৪৮৭ টন আদা, যার আমদানিমূল্য ছিল ৬২৫ কোটি ৪৯ লাখ টাকা। এ হিসাবে চলতি অর্থবছরের গত ১১ মাসে আদার আমদানি কমেছে ৫৮ হাজার ৫৯৮ টন।

জানতে চাইলে আদার আমদানি কমে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে ভোমরা শুল্কস্টেশনের দায়িত্বরত কাস্টমসের ডেপুটি সহকারী কমিশনার নেয়ামুল হাসান বণিক বার্তাকে বলেন, ‘এতে রাজস্বও কমে যাচ্ছে। কেননা মসলাজাত পণ্য হিসেবে আদাতে সরকারের রাজস্ব আয় হয় উল্লেখযোগ্যহারে। কিন্তু পণ্যটি আমদানি কমে যাওয়ায় সে রাজস্ব কমে যাচ্ছে।’

ভোমরা স্থলবন্দরের অন্যতম মসলাজাত পণ্য আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স রাফসান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. আবু হাসান বলেন, ‘অন্য যেকোনো সময়ের তুলনায় চলতি অর্থবছর ভারতে আদা সরবরাহ কমেছে। গত অর্থবছরের তুলনায় চলতি অর্থবছর আমার প্রতিষ্ঠানে পণ্যটির আমদানি কমেছে ৬০-৭০ শতাংশ। এতে দেশীয় বাজারে আদার দাম বেড়েছে।’ তাছাড়া আসন্ন কোরবানির ঈদের কারণেও মসলাজাত পণ্য আদার দাম বাড়ছে বলেও জানান এ আমদানিকারক।