পুঁজিবাজারে তালিকাভুক্ত দ্য সিটি ব্যাংক লিমিটেডের নন-কনভার্টিবল (অর্থাৎ শেয়ারে রূপান্তরযোগ্য নয়), আনসিকিউরড (অর্থাৎ এর বিপরীতে কোনো জামানত রাখা নেই), ফ্লোটিং রেটবিশিষ্ট পারপেচুয়াল বন্ডের দ্বিতীয় বছরের প্রথমার্ধের (১ মার্চ থেকে ৩১ আগস্ট) জন্য ১০ শতাংশ কুপন রেট ঘোষণা করেছে বন্ডটির ট্রাস্টি। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ তথ্য জানিয়েছে করপোরেট বন্ডটি।
এর আগে প্রথম বছরের দ্বিতীয়ার্ধের (১ সেপ্টেম্বর ২০২২ থেকে ২৮ ফেব্রুয়ারি ২০২৩) জন্য ১০ শতাংশ ও প্রথমার্ধের (১ মার্চ থেকে ৩১ আগস্ট) জন্য ৯ দশমিক ৫৮ শতাংশ কুপন রেট ঘোষণা করেছিল বন্ডটির ট্রাস্টি।
গত বছরের ২০ জুন থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত হয় সিটি ব্যাংক লিমিটেডের ৪০০ কোটি টাকার এ পারপেচুয়াল বন্ডটি। ২০২০ সালের ২৩ জুন নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭২৯তম কমিশন সভায় এ বন্ডের অনুমোদন দেয়া হয়। এর আগে এ বন্ড ইস্যুর প্রস্তাবে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নেয় বন্ডটি। এ বন্ডের ট্রাস্টির দায়িত্বে রয়েছে আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেড।










