হামাসের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান এবং গাজায় ইসরায়েলি হামলা জোরদার করায় গতকাল বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বৃদ্ধি পেয়েছে অপরিশোধিত জ্বালানি তেলের মূল্য। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণার দেয়ার পরপরই এ জ্বালানি পণ্যটির দাম বৃদ্ধি পেয়েছে। খবর আনাদোলু এজন্সি।

গণমাধ্যমটি জানিয়েছে, অপরিশোধিত তেলের আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট স্থানীয় সময় আজ সকাল ১০ টা ২৪ মিনিটে প্রতি ব্যারেল অপরিশোধিত তেল বিক্রি করেছে ৭৯ দশমিক ৫৯ ডলারে। যেখানে আগের দিন বুধবার প্রতি ব্যারেল তেল বিক্রি হয়েছ ৭৯ দশমিক ২১ ডলারে, সেক্ষেত্রে একদিনের ব্যবধানে বিশ্ব বাজারে তেলের দাম বেড়েছে শূন্য দশমিক ৪৮ শতাংশ।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম বেড়েছে শূন্য দশমিক ৪৫ শতাংশ। আজ সকালে ডব্লিউটিআই বিক্রি হয়েছে ৭৪ দশমিক ১৯ ডলারে। যেখানে আগের দিন বুধবার প্রতি ব্যারেল বিক্রি হয়েছ ৭৩ দশমিক ৮৬ ডলারে।