কৃষিপণ্যের সাপ্তাহিক বাজারে মিশ্রভাব দেখা গেছে। শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) সর্বশেষ সপ্তাহে ভুট্টার গড় দাম আগের সপ্তাহের তুলনায় কমে এসেছে। তবে এ সময় গম ও সয়াবিনের দামে চাঙ্গা ভাব বজায় ছিল। খবর সিনহুয়া ও এগ্রিমানি।
সিবিওটির প্রাইস ইনডেক্স অনুযায়ী, সর্বশেষ সপ্তাহে ভুট্টার গড় দাম আগের সপ্তাহের তুলনায় বুশেলে (৬০ পাউন্ড) ৭৫ সেন্ট কমেছে। এ সময় মার্চে সরবরাহ চুক্তিতে প্রতি বুশেল ভুট্টার গড় দাম দাঁড়িয়েছে ৩ ডলার ৮৬ সেন্টে, যা আগের সপ্তাহের তুলনায় দশমিক ১৯ শতাংশ কম।
মূলত ২০১৯-২০ মৌসুমে যুক্তরাষ্ট্রে ভুট্টার উৎপাদন বৃদ্ধির পূর্বাভাস বাজারে পণ্যটির দাম কমিয়ে দিয়েছে। গত সপ্তাহে প্রকাশিত মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) প্রতিবেদনে বলা হয়েছে, এবারের মৌসুমে যুক্তরাষ্ট্রজুড়ে ভুট্টা উৎপাদন ১ হাজার ৩৬৯ কোটি বুশেল ছাড়িয়ে যেতে পারে। প্রতি একর জমি থেকে কৃষিপণ্যটির সম্মিলিত উৎপাদন দাঁড়াতে পারে ১৬৮ বুশেলে। এ তথ্য প্রকাশের পর পরই বাজারে ভুট্টার দাম কমতে শুরু করে।
এদিকে ভুট্টার দাম কমলেও বাড়তির দিকে ছিল গম ও সয়াবিনের বাজার। সর্বশেষ সপ্তাহে গমের গড় দাম বেড়েছে বুশেলপ্রতি ১০ সেন্ট। এ সময় মার্চে সরবরাহ চুক্তিতে প্রতি বুশেল গমের গড় দাম দাঁড়িয়েছে ৫ ডলার ৬৪ সেন্টে, যা আগের সপ্তাহের তুলনায় ১ দশমিক ৮ শতাংশ বেশি।
একইভাবে সপ্তাহান্তে সয়াবিনের গড় দামে দশমিক ৪৮ শতাংশ প্রবৃদ্ধি দেখা গেছে। সর্বশেষ সপ্তাহে সিবিওটিতে মার্চে সরবরাহ চুক্তিতে প্রতি বুশেল সয়াবিন বিক্রি হয়েছে গড়ে ৯ ডলার ৪৬ সেন্টে, যা আগের সপ্তাহের তুলনায় বুশেলপ্রতি ৪ দশমিক ৫ সেন্ট বেশি। বাড়তি রফতানি চাহিদা গম ও সয়াবিনের দাম আগের তুলনায় বাড়িয়েছে বলে জানান খাতসংশ্লিষ্টরা।









