বিশ্বের শীর্ষ গ্রিন ফ্যাক্টরির স্বীকৃতি অর্জনের জন্য হ্যামস গার্মেন্টস লিমিটেডকে বিশেষ সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)। বিজিএমইএ ও হ্যামস গার্মেন্টসের যৌথ উদ্যোগে গতকাল আয়োজিত এক অনুষ্ঠানে হ্যামস গার্মেন্টস লিমিটেডের এমডি প্রকৌশলী শফিকুর রহমানের হাতে সম্মাননা স্মারক তুলে দেন বিজিএমইএর সিনিয়র সহসভাপতি ইনামুল হক খান।

এ সময় ইনামুল হক খান বলেন, ‘হ্যামস গার্মেন্টস লিমিটেড ইউএসজিবিসি লিড প্লাটিনাম সার্টিফিকেশনে ১১০-এর মধ্যে ১০৮ স্কোর করে নতুন বিশ্ব রেকর্ড করেছে। এটি কেবল সংখ্যার বিচার নয়, বরং বর্তমান বিশ্বের যেকোনো গ্রিন ফ্যাক্টরির মধ্যে সর্বোচ্চ স্কোর। এ সাফল্য বিশ্বের কাছে মেড ইন বাংলাদেশ ব্র্যান্ডের মর্যাদা ও সক্ষমতাকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। এটি বাংলাদেশের পোশাক খাতের জন্য একটি গ্লোবাল বেঞ্চমার্ক তৈরি করেছে।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজিএমইএর সহসভাপতি (অর্থ) মিজানুর রহমান, পরিচালক ফয়সাল সামাদ, এবিএম সামছুদ্দিন, ফারুক হাসান, ইউএসজিবিসির কনসালট্যান্ট অনন্ত আহমেদ, ইনস্টিটিউশন অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারস অ্যান্ড টেকনোলজিস্টসের (আইটিইটি) ইন্টেরিম কমিটির কনভেনর প্রকৌশলী এহসানুল করিম কায়সার এবং হ্যামস গার্মেন্টসের পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে বিজিএমইএর পরিচালক ফয়সাল সামাদ হ্যামস গার্মেন্টসকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘১১০-এর মধ্যে ১০৮ স্কোর করা এক বিশাল চ্যালেঞ্জ, যা তারা সফলভাবে অর্জন করেছে।’

বিজিএমইএর পরিচালক ফারুক হাসান বলেন, ‘গত কয়েক দশক ধরে বাংলাদেশ লিড সার্টিফিকেশনে সর্বোচ্চ স্কোর করে নিজের রেকর্ড নিজেই ভাঙছে, যা শিল্পের ভাবমূর্তি উজ্জ্বল করছে। তবে গ্রিন ফ্যাক্টরিগুলো কার্যাদেশে অগ্রাধিকার পেলেও পণ্যের মূল্যে এর সঠিক প্রতিফলন এখনো দেখা যাচ্ছে না।’