শুরু হয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম বাণিজ্যিক তৈরি পোশাক শিল্প
পণ্যের আন্তর্জাতিক প্রদর্শনী ‘জিটিবি ২০২৪’। এ মেলা তুলে ধরা হয় গার্মেন্ট এক্সেসরিজ
ও প্যাকেজিং সংশ্লিষ্ট বিভিন্ন পণ্য।
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) রাজধানীর আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র
বসুন্ধরায় (আইসিসিবি) এ প্রদর্শনী মেলার উদ্বোধন করা হয়। মেলা চলবে ১৪ জানুয়ারি পর্যন্ত।
এ মেলায় প্রদর্শিত হচ্ছে দেশী-বিদেশী নতুন নতুন প্রযুক্তি। গার্মেন্টস
সেক্টরের বিভিন্ন সরঞ্জাম ও কাঁচামাল নিয়ে প্রদর্শনী মেলায় অংশগহণ করেছে ২০টি দেশের
৩০০টির বেশি দেশী-বিদেশী বিভিন্ন প্রতিষ্ঠান।
মেলায় বাংলাদেশসহ অংশগ্রহণ করেছে ভারত, চীন, শ্রীলঙ্কা, থাইল্যান্ড,
মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, জার্মানি ও ইতালিসহ আরো অনেক দেশ।
মেলায় গার্মেন্টস শিল্পের বাহারি রংয়ের সুতা, বোতাম, জল ছাপার সামগ্রী
এবং মেশিনের প্রদর্শিত হয়। রয়েছে পোশাক খাতের সরঞ্জাম ও মোড়কীকরণ সামগ্রী, তৈরির যন্ত্র,
সেলাই মেশিন, এমব্রয়ডারি, ডাইং, প্রিন্টিং কাটিং, ক্যাড-ক্যাম, স্প্রেডিং যন্ত্র। বর্তমানে
বাংলাদেশে বোতাম, ইলাস্টিক, ইন্টারলাইনিং, মোটিফ, পকেটিং ফ্যাব্রিক, লাইনিং, ইন্টারলাইনিং
ইলাস্টিক, কর্ডের মতো বিভিন্ন শৈলী এবং ডিজাইনের জিনিসপত্র তৈরি করে। এসব পণ্য এর আগে
চীন, হংকং, কোরিয়া থেকে আমদানি করতে হতো।
দেশের আরএমজি খাতের সোর্সিং চাহিদা পূরণে বাংলাদেশ গার্মেন্ট এক্সেসরিজ
প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে যৌথভাবে
গার্মেন্টস টেকনোলজি শো বাংলাদেশের ২১তম এবং জিএপিএক্সপোর ১৩তম সংস্করণ।
রফতানি উন্নয়ন ব্যুরোর ভাইস-চেয়ারম্যান এ.এইচ.এম. আহসান বলেন, এলডিসি
গ্রাজুয়েশনের পর ২০২৬ সালে গার্মেন্টস খাতে যে চ্যালেঞ্জ আসবে তার প্রভাব এক্সেসরিজ
খাতেও পড়বে। যারা এ সেক্টরে আছেন তাদেরকে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। কমপ্লায়েন্স
ও ইকো ফ্রেইন্ডলি বিষয়গুলো যেন যথাযথোভাবে মানা হয়। সেক্ষেত্রে বিনিয়োগের দরকার
হলে সেটাও করতে হবে। অন্যথায় আপনার পিছিয়ে পড়বেন।
বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, আমরা উদ্ভাবন, আধুনিকীকরণ, বৈচিত্র্যকরণ,
প্রযুক্তির উন্নয়ন, কর্মশক্তিকে উন্নত এবং পুন-দক্ষ করার মাধ্যমে আমাদের ব্যবসাকে শ্রম
নির্ভর থেকে মূল্য সংযোজনে পুনর্নির্মাণের দিকে মনোনিবেশ করছি। বিশ্বব্যাপী ৭ শতাংশের
কম মার্কেট শেয়ার এখন আমাদের দখলে রয়েছে। যার ফলে আগামী দিনে রয়েছে আমাদের অপার সম্ভাবনা।’
এ সময় উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুর
রহিম খান, বিকেএমইএর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম, বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব
ও বাংলাদেশ গার্মেন্টস অ্যাকসেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স
অ্যাসোসিয়েশনের (বিজিএপিএমইএ) অ্যাডমিনিস্ট্রেটর মো. মশিউর রহমান, আস্ক ট্রেড অ্যান্ড
এক্সিবিশনস প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক টিপু সুলতান ভূঁইয়া, পরিচালক সেলিম
বাশাসহ অনেকে।









